নিউজ ডেস্ক : পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যানের ক্ষমতা কমছে। চেয়ারম্যানের ক্ষমতা কমিয়ে ‘পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন, ২০১৬’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আইনে বড় কোনো সংশোধনী প্রস্তাব করা হয়নি। পার্বত্য শান্তিচুক্তির পর আঞ্চলিক পরিষদের প্রধান সন্তু লারমার কিছু সংশোধনের প্রস্তাব ছিল। সেই ভিত্তিতে এটি সংশোধন করা হচ্ছে।’
তিনি বলেন, ‘আগের আইন অনুযায়ী চেয়ারম্যানসহ দুইজন হলে কোরাম হতো, নতুন আইন অনুযায়ী চেয়ারম্যানসহ চারজন হলে কোরাম হবে।’
শফিউল আল বলেন, ‘নতুন আইন অনুযায়ী চেয়ারম্যানসহ উপস্থিত সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সিদ্ধান্ত কমিশনের সিদ্ধান্ত বলে গণ্য হবে। আগে চেয়ারম্যানের সিদ্ধান্ত কমিশনের সিদ্ধান্ত বলে গণ্য হতো। এখন চেয়ারম্যানের একক সিদ্ধান্তে কোনো বিষয় চূড়ান্ত হবে না।’
এছাড়া মিশন স্টেটমেন্ট প্রণয়নের বিষয়ে মন্ত্রিসভার ইতোপূর্বে গৃহীয় সিদ্ধান্ত ও ‘জাতীয় ই-সেবা আইন, ২০১৫’ এর খসড়ার বিষয়ে মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা।

Be the first to comment on "পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন চেয়ারম্যানের ক্ষমতা কমছে"