নিউজ ডেস্ক: খুব শিগগিরই পূর্ণাঙ্গ রূপ নিতে যাচ্ছে সিলেট মহানগর ছাত্রলীগের কমিটি। পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে মহানগর ছ্ত্রালীগের সভাপতি-সাধারণ সম্পাদককে সে নির্দেশনাও দেয়া হয়েছে কেন্দ্র থেকে। আর কেন্দ্রের ওই নির্দেশনা পেয়ে ইতোমধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে তালিকা তৈরি কাজ শুরু করেছেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক।
সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল আলীম তুষার এ তথ্য নিশ্চিত করে শুক্রবার জানান, কেন্দ্র থেকে পূর্ণাঙ্গ কমিটি করার বিষয়ে নির্দেশ দেয়া হয়েছে। আর ওই আসন্ন পূর্ণাঙ্গ কমিটিতে ছাত্রদল-শিবির থেকে বা কোনো মামলার আসামি যাতে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা হবে।
তিনি আরো বলেন, বিভিন্ন পদে যোগ্যদের স্থান দেয়ার লক্ষ্যে যাচাই-বাছাই করেই পূর্ণাঙ্গ কমিটির তালিকা কেন্দ্রে পাঠানো হবে। তুষার বলেন, প্রকৃত ছাত্র, অবিবাহিত, মেধাবী, ত্যাগী এবং যোগ্যদের দিয়েই গঠিত হবে মহানগর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি।
প্রসঙ্গত, গত বছরের ৪ জুলাই সিলেট মহানগর ছাত্রলীগের সম্মেলন সম্পন্ন হয়। পরে ২০ জুলাই কেন্দ্র থেকে আবদুল বাছিত রুম্মানকে সভাপতি ও আবদুল আলীম তুষারকে সাধারণ সম্পাদক করে চার সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকেই চার সদস্যের ওই কমিটি দিয়েই চলছে সিলেট মহানগর ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম।
১২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি খুব শিগগিরই আসছে বলে মানবকণ্ঠকে জানালেন মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল আলীম তুষার।

Be the first to comment on "পূর্ণাঙ্গ কমিটি পাচ্ছে সিলেট মহানগর ছাত্রলীগ"