শিরোনাম

পেসারদের চূড়ান্ত দলে জায়গা দিতে সমস্যায় নির্বাচকরা!

নিউজ ডেস্ক : ইনজুরির সমস্যার কারণে বাংলাদেশ দলে নেই এক নম্বর পেসার মুস্তাফিজুর রহমান। এদিকে তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন পরীক্ষার ফল পাওয়া নিয়ে রয়েছে সংশয়। তারপরও বাকি যারা থাকছেন তাদের চূড়ান্ত দলে জায়গা দিতে সমস্যায় পড়েছেন নির্বাচকরা।

২০ জনের পুলে পেসার রয়েছেন ৭ জন। চূড়ান্ত দলে নির্বাচকরা চারজনকে রাখবেন। মাশরাফি মুর্তজা, আল-আমিন হোসেন ও রুবেল হোসেনের সঙ্গে কে হবেন চতুর্থ পেসার? লড়াইটা শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, শুভাশীষ রায় ও আলাউদ্দিন বাবুর মধ্যে।

বাংলাদেশের পেস আক্রমণ শক্তিশালী হওয়ার পর কেউ ইনজুরিতে পড়লেই শুধু শফিউলের ডাক পড়েছে। তবে এবার চূড়ান্ত দলে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন এই ডান-হাতি পেসার। অনুশীলন ও প্রস্তুতি ম্যাচে তার বোলিং দেখে কোচ ও অধিনায়ক খুশি। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে শফিউলের কিছু ভালো স্মৃতি রয়েছে।

দল নির্বাচন নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘দলে খুব বেশি পরিবর্তন হবে না। তবে দু’একটা জায়গায় ভাবার সুযোগ রয়েছে।’

প্রধান নির্বাচকও ইঙ্গিত দিলেন চূড়ান্ত দলে জায়গা হতে পারে শফিউলের। তবে তাসকিন আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার ছাড়পত্র পেলে তাকেও চূড়ান্ত দলে রাখার চেষ্টা করবেন নির্বাচকরা। সেক্ষেত্রে আল-আমিন, রুবেল, তাসকিন ও শফিউলের মধ্যে থেকে যেকোনো তিনজনকে বেছে নেয়ার চিন্তা করবেন তারা।

বাংলাদেশের পেস বোলিংয়ের এই দুর্দান্ত সময় আলাউদ্দিন বাবু সুযোগ পেয়েছেন পেস অলরাউন্ডার হিসেবে। ২৫ ছুঁই ছুঁই এই ডান-হাতি পেসার ঘরোয়া ক্রিকেটে ভালো করেই ২০ জনের পুলে জায়গা পেয়েছেন। বিশেষ করে ঢাকা প্রিমিয়ার লীগে ভালো করেছেন তিনি।

২৮ ছুঁই ছুঁই শুভাশীষ রায়ও জোরে বল করতে পারেন। বিকল্প হিসেবেই তাকে ২০ জনের পুলে রেখেছেন নির্বাচকরা। নতুন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ এখনও পেসারদের নিয়ে তেমন কোনো কাজ করেননি।

রোববার অনুশীলন শুরু হওয়ার পর থেকে দু’দিন একবার ব্যাটসম্যানদের পেছনে, একবার বোলারদের পাশে থেকে বোলিং দেখার চেষ্টা করেছেন। সোমবার পেসারদের নিয়ে দু’একটা কথা বলেছেন তিনি।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আগে ফাস্ট বোলারদের নিয়ে তেমন কিছু করারও দেখছেন না ওয়ালশ।

আগামীকাল বা পরশু আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করতে পারে বিসিবি। আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২৫ সেপ্টেম্বর।

basic-bank

Be the first to comment on "পেসারদের চূড়ান্ত দলে জায়গা দিতে সমস্যায় নির্বাচকরা!"

Leave a comment

Your email address will not be published.


*