নিউজ ডেস্ক: বর্ষা যতই রোম্যান্টিক হোক না কেন, ত্বকের সমস্যা যে এ ঋতুতেই বেশি, তা নিয়ে কোনও সন্দেহ নেই৷ মেঘ রোদের লুকোচুরিতে মন যতই উচাটন হোক, জমা জলে ছপছপ করে চললে অ্যালার্জি কিংবা র্যাসের সম্ভাবনাকে কিন্তু ষোলআনা৷ তবে এসব থেকে বাঁচার উপায়ও আছে আপনার হাতের নাগালেই৷ থাকল তারই সুলুকসন্ধান৷
আপনার ত্বক যদি শুষ্ক হয় তাহলে কলা আপনার ত্বকে আনতে পারে প্রাণ৷ একটি কলা ও এক চা চামচ সাদা তেল হাত দিয়ে মেখে নিন৷ এরপরে তা মুখে মাখিয়ে রাখুন৷ শুকিয়ে গেলে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন৷ আপনার ত্বকের ম্লানভাব কেটে গিয়ে প্রাণ ফিরে আসবে৷
একটি ডিমের সাদা অংশ, এক চা চামচ দই এবং মুলতানি মাটি একসঙ্গে মিশিয়ে নিন৷ এরপর সেটি মুখে মেখে রাখুন৷ শুকিয়ে গেলে পরিষ্কার জলে ধুয়ে ফেলুন৷ সপ্তাহে দুবার করে শুষ্ক ত্বকে এই প্যাকটি ব্যবহার করা যেতে পারে৷ এতে আপনার ত্বকের ময়লা পরিষ্কার হয়ে যাবে৷
তৈলাক্ত ত্বকে ব্যবহার করা যেতে পারে মুলতানি মাটি, ময়দা ও চন্দন গুঁড়োর একটি প্যাক৷ সবকটি উপকরণ সমপরিমাণ নিয়ে একটি এয়ার টাইট পাত্রে রাখুন৷ এবার এর থেকে এক চা চামচ মিশ্রণ নিয়ে তাতে অল্প জল দিয়ে একটি পেষ্ট বানিয়ে নিন৷ তারপরে তা মুখে মেখে শোকানো পর্যন্ত অপেক্ষা করুন৷ এরপরে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন৷ এতে আপনার ত্বকের ময়লা পরিষ্কার হয়ে যাবে৷
বর্ষার সময়ের ফল দিয়ে ভালো ফেসিয়াল করা যায়৷ এতে ত্বকের নরমভাব বজায় থাকে৷ পেঁপে আপানার মুখের ব্ল্যাক হেডস দূর করতে পারে৷ শশা আপনার ত্বককে ঠান্ডা রাখে৷ এছাড়া মুখের ত্বকে প্রাণ ফিরিয়ে আনে৷ তরমুজের রস মুখ এবং শরীরের ত্বকে ব্যবহার করলে তা ত্বককে সতেজ করে৷

Be the first to comment on "বর্ষায় ত্বকের সুরক্ষা"