নিউজ ডেস্ক : আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। এর আগেই ইংলিশ তারকা মঈন আলী জানালেন স্বাগতিক দলকে নিয়ে সতর্ক তাদের দল, ‘বাংলাদেশকে নিয়ে আমরা খুব সতর্ক। কারণ অস্ট্রেলিয়ায় তারা আমাদের হারিয়েছে।’
বিশ্বকাপে হারলেও বর্তমানে তারা আগের চেয়েও ভিন্নতর দল বলে দাবি করেছেন মঈন, ‘আমরা জানি তারা জানে কীভাবে কি করতে হয়। তবে আমরা বর্তমানে ভিন্নতর একটি দল।’
বাংলাদেশ সফরের পরই ভারত সফর করবে ইংল্যান্ড। তাই এ দুটি সিরিজকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই মনে করছেন মঈন, ‘বাংলাদেশ ও ভারত সফর সহজ হবে না। আমার মনে হয় এর মাধ্যমে আমরা দল হিসেবে কেমন সেটি তারা প্রমাণ করে ছাড়বে।’
বাংলাদেশ সফরে অভিজ্ঞ স্পিনার হিসেবেই থাকবেন মঈন। তার পারফরম্যান্সও অনেক প্রভাব ফেলবে সিরিজে। আর এই বিষয়গুলোকে চাপ হিসেবে দেখছেন না তিনি, ‘আমি কোনও চাপ অনুভব করছি না। তবে আন্তর্জাতিক ক্রিকেটে আপনি যখন খেলবেন তখন অনেক চাপ থাকে।’
শুধু মঈনই নন ইংল্যান্ডের হয়ে স্পিনার হিসেবে সফরে রয়েছেন আদিল রশিদ, জাফর আনসারি ও গ্যারেথ ব্যাটি।

Be the first to comment on "বাংলাদেশকে নিয়ে সতর্ক ইংল্যান্ড"