নিউজ ডেস্ক : অসদাচরণের জন্য উচ্চ আদালতের কোনো বিচারকের বিরুদ্ধে তদন্ত ও তাকে অপসারণের প্রক্রিয়া নির্ধারণ করে তৈরি আইনের খসড়ায় সম্মতি দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘বাংলাদেশ সুপ্রীমকোর্ট বিচারক (তদন্ত) আইন’ এর খসড়া নীতিগত অনুমোদন পায়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ‘সংবিধানের দায়বদ্ধতা থেকে এ আইন করা হচ্ছে। মূলত বিচারপতিদের অসদাচরণ ও অসামর্থ্যের বিষয়টি আইনে রাখা হয়েছে।’ তিনি বলেন, সুপ্রীমকোর্টের বিচারকদের বিরুদ্ধে অভিযোগ এলে তার তদন্ত হবে এ আইনের মাধ্যমে।
তদন্তে কোনো বিচারকের অসদাচরণ বা অসামর্থ্য প্রমাণিত হলে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। এরপর সংসদের দুই তৃতীয়াংশ সদস্যের ভোটে যে সিদ্ধান্ত গৃহীত হবে, সেটি যাবে রাষ্ট্রপতির কাছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘রাজনীতি বিদ্বেষপ্রসূত কোনো বিষয় নয়। বিচারক হয়েও যদি অবিচারকসুলভ কাজ করেন, তার তদন্ত হবে।’
কোনো বিচারকের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করলে খসড়া আইনে দুই বছরের জেল ও ৫ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে বলেও জানান সচিব।

Be the first to comment on "বিচারপতি অপসারণ আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন"