নিউজ ডেস্ক:বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের (বিবিআইএন) মধ্যে আন্তঃযোগাযোগে বাংলাদেশ অংশের উন্নয়নে ৯৬০ কোটি টাকা সহায়তা দেবে বিশ্বব্যাংক।
চার দেশের মধ্যে আন্তঃযোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে অবকাঠামো উন্নয়নে সহজ শর্তে এ ঋণ দেবে দাতা সংস্থাটি। আগামী নভেম্বরে বিশ্বব্যাংকের বোর্ড সভায় অনুমোদনের পর এ অর্থ ছাড় করা হবে।
মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বিশ্বব্যাংকের ঢাকায় নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান।
তিনি বলেন, চার দেশের মধ্যে আন্তঃযোগাযোগ উন্নয়ন হলে আঞ্চলিক বাণিজ্যের ক্ষেত্রে সময় ও খরচ কমবে। বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থাকে এ প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করা হবে। সড়ক, নৌ-পথ, বন্দর ও শুল্ক ব্যবস্থার উন্নয়নে এ প্রকল্পের অর্থ ব্যয় হবে।
এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, আঞ্চলিক বাণিজ্য সহজীকরণ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য বিবিআইএন প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ ও কারিগরি সহায়তা দেবে বিশ্বব্যাংক। প্রাথমিক পর্যায়ে ৯৬০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি(বাংলাদেশ অংশ)বাস্তবায়ন করা হবে। বিশ্বব্যাংক বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এ প্রকল্কপ্প বাস্টøবায়ন করবে।
তিনি বলেন, এ মুহূর্তে বাংলাদেশে বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন মার্কিন ডলারের সহযোগিতায় কার্যক্রম চলছে। গত বছর এ থেকে ১ বিলিয়ন খরচ হয়েছে। এবার দেড় বিলিয়ন খরচ করা সম্ভব হবে।
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শুভাষীশ বসু, কাজী সালাহ উদ্দিন আকবর, মনোজ কুমার রায় ও যুগ্মসচিব(এফটিএ) মুনির চৌধুরীসহ মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Be the first to comment on "বিশ্বব্যাংকের কাছ থেকে ৯৬০ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ"