নিউজ ডেস্ক : নীরবে বিয়ে পর ঢাক-ঢোল পিটিয়ে জানান দিতে গিয়ে বোর্ডের কড়া ধমক খেয়েছেন স্পট ফিক্সিংয়ের জন্য ৫ বছর মাঠের বাইরে থাকা পাকিস্তানি ফাস্ট বোলার মোহাম্মদ আমির। তিন দিনের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করতে চেয়ে বিপাকে পড়েন এই ক্রিকেটার।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে সাফ জানিয়ে দিয়েছে, দলে খেলতে হলে বোর্ডের কথা মতো চলতে হবে। তা না হলে বিদায় হও!
২০১৪ সালের সেপ্টেম্বরে ব্রিটিশ-পাকিস্তানি নারগিস খাতুনকে আমির বিয়ে করেন। মিডিয়ায় বিষয়টা এসেছিল। কিন্তু আমির আসলে তেমন কোনো জাঁকজমক করেননি তখন।
এবার বিয়ের খবর গোটা দুনিয়াকে জানাতে তিন দিনের অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। সূচি অনুযায়ী লাহোরে ১৯ সেপ্টেম্বর হবে মেহেদির অনুষ্ঠান। পরের দিন ‘বারাত’। ২১ সেপ্টেম্বর ওয়ালিমা বা বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
এজন্য আমির ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আসন্ন টি২০ সিরিজের কেবল শেষ ম্যাচ খেলতে চেয়েছিলেন।
কিন্তু পিসিবির ধমকের পর ২২ সেপ্টেম্বরই সংযুক্ত আরব আমিরাতে উড়ে যেতে হচ্ছে তাকে। পরের দিনই সিরিজের প্রথম ম্যাচ।
এর আগেই অবশ্য আমিরকে ছাড়া শনিবার দুবাইয়ে উড়ে গেছে পাকিস্তান দল।

Be the first to comment on "বিয়ের অনুষ্ঠান: আমিরকে পিসিবির কড়া ধমক"