শিরোনাম

বৃহন্নলার ৩টি পুরস্কারই বাতিল

নিউজ ডেস্ক: অন্যের গল্প অনুকরণ করে চলচ্চিত্র তৈরির অভিযোগ প্রমাণিত হওয়ায় ‘বৃহন্নলা’র তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাতিল করেছে সরকার।

তথ্য সচিব মরতুজা আহমদ শনিবার রাতে ঘণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে বলেন, তদন্ত কমিটির সুপারিশের আলোকে বৃহন্নলার সবগুলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাতিল করা হয়েছে।

অভিযুক্ত পরিচালকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না- সে বিষয়ে কিছু না জানিয়ে তথ্য সচিব মন্ত্রণালয়ের অন্যদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

তবে তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখার কোনো কর্মকর্তাই এ বিষয়ে কথা বলেননি।

সরকারি অনুদানে নির্মিত ‘বৃহন্নলা’ চলচ্চিত্রটি শ্রেষ্ঠ সিনেমা, শ্রেষ্ঠ কাহিনীকার ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা বিভাগে ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়।

গত বছর ভারতের জয়পুর চলচ্চিত্র উৎসবে বৃহন্নলা সিনেমাটি পুরস্কৃত হওয়ার পর এর নির্মাতার বিরুদ্ধে ভারতীয় সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের ছোট গল্প ‘গাছটি বলেছিল’ অনুকরণের অভিযোগ ওঠে।

২০১৫ সালের সেপ্টেম্বরে ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, সৈয়দ মুস্তাফা সিরাজের ছোট ছেলে সাংবাদিক অমিতাভ সিরাজ দাবি করেছেন তার বাবার গল্প অনুকরণ করে ‘বৃহন্নলা’ চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পর অন্যের গল্প অনুকরণ করে বৃহন্নলা চলচ্চিত্রটি নির্মাণের বিষয়টি ফের সামনে চলে আসে।

বিষয়টি খতিয়ে দেখতে বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ কে এম নেছার উদ্দিন ভূইয়াকে প্রধান করে একটি তদন্ত কমিটি করে তথ্য মন্ত্রণালয়।

এই তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী মন্ত্রণালয় বৃহন্নলার জাতীয় চলচ্চিত্র পুরস্কার তিনটি বাতিল করল।

‘বৃহন্নলা’ চলচ্চিত্রের কাহিনীর স্বত্ব হিসাবে প্রয়াত সৈয়দ মুস্তাফা সিরাজের নাম ব্যবহার এবং তার পরিবারকে দেড় লাখ রুপি দেওয়ার অনুরোধ জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে চিঠিও দেন পশ্চিমবঙ্গের কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও দেবেশ রায়।

এছাড়া সৈয়দ মুস্তাফা সিরাজ আকাদেমি’র সচিব সৈয়দ হাসমত জালালও একই বিষয়ে তথ্যমন্ত্রীকে আলাদা চিঠি দিয়েছিলেন।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

basic-bank

Be the first to comment on "বৃহন্নলার ৩টি পুরস্কারই বাতিল"

Leave a comment

Your email address will not be published.


*