নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশু কোরবানির পর রাজধানীতে বর্জ্য অপসারণের কাজ শেষের দিকে। নগরীতে তৈরি হওয়া হাজার হাজার টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ দুই সিটি করপোরেশনের মেয়রদের বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নগরবাসীরাও এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন। ঈদের দিন দুপুর ২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করার কথা দিয়েছিলেন ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়র। ঈদের দিন দুপুরে নিজ নিজ এলাকায় দুই মেয়র আনিসুল হক ও সাঈদ খোকন পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করেছিলেন। এ সময় তারা ৪৮ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের আশ্বাস দিয়েছিলেন।
ঢাকার দুই সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, কোরবানির প্রথম দিনে রাজধানীজুড়ে বর্জ্য অপসারণে কাজ করেছে সিটি করপোরেশন। দুই সিটি করপোরেশনের অধীনে প্রায় ১৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী কাজ করছেন পশু কোরবানি শুরুর সময় থেকেই। ইতিমধ্যে অনেক এলাকায় পুরোপুরি বর্জ্য অপসারণ হয়ে গেছে। সিটি করপোরেশনের দ্রুত বর্জ্য অপসারণের তৎপরতাকে স্বাগত জানিয়ে ধানমণ্ডি এলাকার বাসিন্দা জানান, এবার শুরু থেকেই বর্জ্য অপসারণে বাড়তি তৎপরতা দেখা গেছে। পাড়া-মহল্লায় গিয়ে ভ্যান ও ট্রাকে করে আবর্জনা সরিয়ে ফেলছেন পরিচ্ছন্নতাকর্মীরা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সহকারী বর্জ্য ব্যবস্থাপক খোন্দকার মিল্লাতুল ইসলাম জানান, অনেক এলাকায় মঙ্গলবারই বর্জ্য অপসারণ করা হয়েছে। অন্যান্য এলাকাতেও দ্রুত বর্জ্য অপসারণের কাজ চলছে। নির্ধারিত ৪৮ ঘণ্টার আগেই সব বর্জ্য অপসারণ করা সম্ভব হবে। তিনি বলেন, কর্মচারী থেকে শুরু করে কর্মকর্তা সবাই মাঠে রয়েছেন। সবাই কাজ করছেন। আশা করা হচ্ছে, আজকের (বুধবার) মধ্যেই কাজ শেষ হবে। কোরবানির দ্বিতীয় দিনে যারা বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিচ্ছেন সেগুলোর বর্জ্যও অপসারণের কাজ চলছে।
বেঁধে দেওয়া সময়েই সম্পন্ন হচ্ছে কোরবানির বর্জ্য অপসারণ

Be the first to comment on "বেঁধে দেওয়া সময়েই সম্পন্ন হচ্ছে কোরবানির বর্জ্য অপসারণ"