নিউজ ডেস্ক : সার্বিয়াকে হারিয়ে রিও অলিম্পিকে মেয়েদের ভলিবলে সোনা জিতেছে চীন।গেমসের পঞ্চদশ দিনে শনিবার সার্বিয়াকে ৩-১ সেটে হারায় চীন নারী দল।
ফাইনালে চীনের শুরুটা যদিও ভালো ছিল না। প্রথম সেট ২৫-১৯ পয়েন্টে জিতে নেয় সার্বিয়া। তবে পরের তিন সেটে চীনের মেয়েদের সঙ্গে আর পেরে ওঠেনি তারা। চীন পরের তিন সেট জেতে যথাক্রমে ২৫-১৭, ২৫-২২ ও ২৫-২৩ পয়েন্টে।
অলিম্পিকে মেয়েদের ভলিবলে চীনের এটা তৃতীয় সোনা। এর আগে ১৯৮৪ ও ২০০৪ আসরে সোনা জিতেছিল তারা। এ ছাড়া ১৯৯৬ আসরে রুপা এবং ১৯৮৮ ও ২০০৮ আসরে তারা ব্রোঞ্জ জিতেছিল।
রিওতে সোনা জিতে অনন্য ইতিহাস গড়েছেন চীনের কোচ জেনি ল্যাং পিং। অলিম্পিক ভলিবলে কোচ ও খেলোয়াড় হিসেবে সোনার পদক জেতা একমাত্র নারী যে তিনিই! ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে তিনি চীনের খেলোয়াড় হিসেবে সোনা জিতেছিলেন।
অবশ্য নিজের ইতিহাস গড়াকে বড় করে দেখছেন না ল্যাং পিং, ‘ইতিহাস গড়াটা আমার কাছে বড় ব্যাপার নয়। তরুণ মেয়েদের জন্য আমি অনেক খুশি, ওরা কঠিন পরিশ্রম করেছে।’
ল্যাং পিং ভাবতেও পারেননি যে রিওতে তারা সোনা জিতবেন, ‘টুর্নামেন্ট শুরুর আগে ভাবতেও পারিনি যে আমরা সোনা জিতব। আমার মনে হয় আমাদের ভাগ্য ভালো। আমাদের তরুণ খেলোয়াড়রা শুরুর দিকে ভালো খেলতে পারেনি। তবে গুরুত্বপূর্ণ সময়ে ভালো করেছে তারা।’
নেদারল্যান্ডসকে ৩-১ সেটে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে ২০১২ লন্ডন অলিম্পিকে রুপা জেতা যুক্তরাষ্ট্র নারী ভলিবল দল।

Be the first to comment on "মেয়েদের ভলিবলে সোনা চীনের"