নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসে নিজেদের অধিকার ও দাবি আদায়ে রাজপথে জড়ো হয়েছে শ্রমিক সংগঠনগুলো। মিছিল-শোভাযাত্রা আর সমাবেশ-আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশে পালিত হচ্ছে মে দিবস। ঢাকায় বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকে। চলতে থকে মানববন্ধন, সংগীতানুষ্ঠান ও সভা-সমাবেশ।
এক পর্যায়ে জমায়েত বেড়ে গেলে বেলা ১১টার দিকে প্রেসক্লাবের দুই পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় বলে শাহবাগ থানার পরিদর্শক (পেট্রোল) মো. শহীদ জানান। বাংলাদেশ শ্রমিক লীগ, বিপ্লবী শ্রমিক আন্দোলন, জাতীয় মুক্তি কাউন্সিল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, বাংলাদেশ ট্রাস্ট গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন, ঢাকা জেলা মিটার চালিত ট্যাক্সিক্যাব শ্রমিক ইউনিয়নসহ ১৫টির বেশি সংগঠন প্রেস ক্লাব এলাকায় শ্রমিক সংহতি দিবসের কর্মসূচিতে অংশ নিচ্ছে।
শ্রমিক সংগঠনগুলোর দাবির মধ্যে রয়েছে- প্রত্যেক শ্রমিককে নিয়োগপত্র দিতে হবে, গার্মেন্টসসহ সব কারখানার শ্রমিকদের মূল মজুরি আট হাজার ২২৫ টাকা করতে হবে, ইপিজেড গার্মেন্টসহ সব কারখানায় শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার সুযোগ দিতে হবে, সাপ্তাহিক ছুটি কার্যকর করতে হবে, নারী শ্রমিকদের বেতনসহ ছয় মাস মাতৃত্বকালীন ছুটি দিতে হবেসহ অন্যান্য।
এ দিবসে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসাবে সকালে দৈনিক বাংলা মোড় থেকে প্রেসক্লাব পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে শ্রমমন্ত্রণালয়।
ঢাকা মহানগর শ্রমিক ইউনিয়ন, ঢাকা মহানগর শ্রমিক লীগ, ঢাকা বিভাগ শ্রমিক লীগ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শ্রমিক সমাবেশ করে শোভাযাত্রা নিয়ে জিপিও ঘুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যায়।
সকালে পল্টনে মুক্তি ভবনের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জিপিও মোড়ে জাতীয় শ্রমিক জোট এবং জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন পল্টন মোড়ে শ্রমিক দিবসের সমাবেশ করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত মে দিবসের আলোচনা সভায় বক্তব্য দেবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বক্তৃতা দেবেন সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে।
সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক পার্টি বিকালে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে। পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ সেখানে বক্তব্য দেবেন।

Be the first to comment on "মে দিবসে অধিকারের দাবি নিয়ে রাজপথে বিভিন্ন সংগঠন"