নিউজ ডেস্ক: তিনশ’ কোটি টাকা আত্মসাৎ মামলায় ‘ম্যাক্সিম ফিন্যান্স’-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ ২১ জনের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রাহকের প্রায় ৩শ’ কোটি ৯২ লাখ টাকা হাতিয়ে নেয়ার মামলায় ইতিমধ্যে চার্জশিট অনুমোদন করেছে কমিশন।
দুদক সূত্র জানায়, এমএলএম কোম্পানির নামে গ্রাহকের কাছ থেকে তিন শতাধিক কোটি টাকা হাতিয়ে নেয় ‘ম্যাক্সিম ফিন্যান্স’ নামক একটি প্রতিষ্ঠান। অনুসন্ধানে সত্যতা মিললে দুদকের উপপরিচালক নূর হোসেন খান ২০১৪ সালের ১৯ মে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানসহ ২২ জনের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় মামলা করেন। চার্জশিটভুক্ত আসামিরা হলেন : প্রতিষ্ঠানের চেয়ারম্যান মুহাম্মদ মফিজুল হক, ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ হাবীবুর রহমান, মোস্তাফিজুর রহমান, খায়রুল বাশার সজল, আবদুল হান্নান সরকার, সৈয়দ শরিফুল ইসলাম, এইচএম আমিরুল ইসলাম, মো. ওলিয়ার রহমান, ফজলুর রহমান, মো. আসাদুজ্জামান, মোহাম্মদ সোলাইমান সরোয়ার, হারুন অর রশিদ, শেখ আবদুল্লাহ আল মেহেদী, আবদুল মালেক, সৈয়দ জাহিদুল ইসলাম, মনোয়ার হোসেন, এমএ সাদী, আসলাম হোসাইন, মেহেদী হাসান মোজাফফর, ইমতিয়াজ হোসেন কাওসার এবং মিজানুর রহমান।
তদন্তকালে ২০১৪ সালের ৩১ মে হাবিবুর রহমানকে গ্রেফতার করে দুদক। অন্যরা এখনও পলাতক রয়েছেন। এদের মধ্যে পরিচালক আবদুল মালেক মারা গেছেন। ফলে এজাহারভুক্ত ২২ আসামির মধ্যে ২১ জনের বিরুদ্ধে তদন্তে অভিযোগ প্রমাণিত হয়। দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন শিগগিরই এটি চার্জশিট আকারে আদালতে দাখিল করবেন বলে জানা গেছে।

Be the first to comment on "ম্যাক্সিম ফিন্যান্সের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক"