শিরোনাম

রাজধানীতে আবারো বেপরোয়া অজ্ঞান পার্টি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে আবারো বেপরোয়া হয়ে উঠেছে অজ্ঞান পার্টির সদস্যরা। বৃহস্পতিবার তাদের খপ্পড়ে সর্বস্ব খুইয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন। দুপুর থেকে অজ্ঞান পার্টির খপ্পড়ে একের পর এক রোগী ভর্তির ঘটনায় তোলপাড় শুরু হয়েছে ঢামেকে।
ঢামেকের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজ্জামেল হক জানান, বৃহস্পতিবারের সবগুলো ঘটনাই ঘটেছে রাজধানীর গুলিস্তান ও তার আশপাশের এলাকায়। অচেতনদের কাউকে পুলিশ, কাউকে পথচারীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।
রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইট এলাকা থেকে সজল (২৬) নামের এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেকে ভর্তি করেন পল্টন থানার উপপরিদর্শক (এসআই) দেবকান্ত। কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতাল এলাকা থেকে মানিক (২৫) নামের এক অচেতন যুবককে উদ্ধার করে ঢামেকে ভর্তি করেন পথচারী আব্দুল হানিফ।
দুপুরে গুলিস্তানের হানিফ ফ্লাইওভারে নিচে অচেতন অবস্থায় পাওয়া যায় মাঈনউদ্দিনকে (৪২)। তাকে উদ্ধার করেন পথচারী মাসুদ মিয়া। একই এলাকা থেকে দুপুর সাড়ে ১২টায় আবুল হোসেনকে (৩০) উদ্ধার করেন বংশাল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রুহুল আমিন।
গুলিস্তানের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে দুপুর ১টায় কাপড় ব্যবসায়ী আব্দুল্লাহকে (৩৫) উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন ঠাঁটারিবাজারের কাপড় ব্যবসায়ী মো. রিপন। বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকা থেকে বাংলাবাজারের বইয়ের দোকানের কর্মচারী বিপ্লবকে (২৬) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন পথচারী সেলিম মিয়া।
বিপ্লব জানান, বইয়ের দোকানের ৩৩ হাজার টাকা নিয়ে তিনি বাংলাবাজার থেকে ফকিরাপুল যাচ্ছিলেন। অজ্ঞান পার্টি টাকা লুট করে নিয়ে গেছে।
দুপুর ২টার দিকে জিপিও মোড় থেকে ইসমাইল হোসেনকে (৪০) অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন পথচারী ফজলুল। সুরিটোলা স্কুলের সামনে থেকে দীপ্ত কুন্ডু (২২) নামের এক যুবককে উদ্ধার করে পথচারী শুভ।
ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আমজাদ হোসেন জানান, রোগীদের অবস্থা আশঙ্কামুক্ত। অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ার তিন ঘণ্টার মধ্যে হাসপাতালে নিয়ে আসা হলে আমরা স্টমাক ওয়াশ করে বিষ বের করে ফেলি। তিনঘণ্টার বেশি হলে তখন আর স্টমাক ওয়াশ করানো যায় না। তখন রোগীর সারা শরীরে বিষক্রিয়া দেখা দিতে থাকে। বেড়ে যায় মৃত্যুঝুঁকি।’

basic-bank

Be the first to comment on "রাজধানীতে আবারো বেপরোয়া অজ্ঞান পার্টি"

Leave a comment

Your email address will not be published.


*