বিশ্ব ডেস্ক: মিশরের সঙ্গে যোগাযোগ সহজ করতে লোহিত সাগরে সেতু তৈরির পরিকল্পনা করছে সৌদি আরব। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পাবে বলে মনে করেন সৌদি বাদশাহ সালমান। খবর বিবিসির।
মিশর সফরকালে সেতু নির্মাণের ঘোষণা দেন সৌদি বাদশাহ। অপরদিকে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ঘোষণা দিয়েছেন, সেতুটির নাম হবে সৌদি বাদশাহের নামে।
বরাবরই সৌদি আরব মিশরের ঘনিষ্ঠ বন্ধু হিসাবে পরিচিত। ২০১৩ সালে মিশরের ক্ষমতা বদলের পর সৌদি আরব আর মধ্যপ্রাচ্যের দেশগুলো মিশরে বিলিয়ন বিলিয়ন ডলার অনুদান দিয়েছে। বিশেষ করে শিয়া প্রভাব মোকাবেলায় ওই অঞ্চলে সুন্নি প্রধান দেশগুলোকে নিয়ে যে জোট করার চেষ্টা করছে সৌদি সেখানে মিশর সহযোগীতা করবে।
সিরিয়ায় বাশার আল আসাদ প্রসঙ্গে মিশরের নীরবতা আর ইয়েমেনে সৌদি হামলায় সমর্থন নিয়ে দুই দেশের মধ্যে কিছুটা দূরত্বও তৈরি হয়েছে। কিন্তু মিশরের কাছ থেকে আরো সমর্থন চায় সৌদি আরব।
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বলেন, এই ঐতিহাসিক পদক্ষেপের মাধ্যমে শুধু দুইটি দেশটি নয়, দুইটি মহাদেশ, এশিয়া আর আফ্রিকাও যুক্ত হবে।
তবে সেতু নির্মাণের বিষয়ে বিস্তারিত কোন তথ্য জানানো না হলেও সেতুটি বানাতে চার বিলিয়ন ডলার খরচ হবে বলে ধারণা করা হচ্ছে। এর আগেও অবশ্য লোহিত সাগরের উপর দিয়ে একাধিকবার সেতু নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু বাস্তবতার কারণে সেসব উদ্যোগ আলোর মুখ দেখেনি।
মিশরে সৌদি বাদশাহর পাঁচদিনের এই সফরে দুই দেশের মধ্যে আরো কয়েকটি চুক্তি হবে বলে ধারণা করা হচ্ছে।

Be the first to comment on "লোহিত সাগরে সেতু তৈরি করবে সৌদি"