নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ সংক্রান্ত প্রত্যয়ন বিধিমালার ৯/২ ধারা যথাযথভাবে অনুসরণের কেন নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী সপ্তাহের মধ্যে সরকারকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। আজ সোমবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়।
প্রসঙ্গত, বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক শিক্ষক নিয়োগ প্রত্যয়ন বিধিমালার ৯ এর ২ ধারায় বলা হয়েছে- নিয়োগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের উপজেলা, জেলা এবং জাতীয় ভিত্তিক মেধাক্রম অনুসারে ফলাফলের তালিকা প্রণয়ন ও প্রকাশ করা হবে।
এই বিধিমালা অনুসরণ না করার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন নাটোরের জাহাঙ্গীর আলমসহ ৬০ জন। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সিদ্দিকুল্লা মিয়া। শুনানি শেষে হাইকোর্ট রিটকারীদের ওই বিধিমালা অনুসরণ করে নিয়োগের কেন নির্দেশ দেয়া হবে না- তাও জানতে চাওয়া হয়।

Be the first to comment on "শিক্ষক নিয়োগে বিধিমালা অনুসরণে হাইকোর্টের প্রশ্ন"