নিউজ ডেস্ক: এর আগে অবশ্য প্রায় একই ধরনের ঘটনায় রাতারাতি ‘নায়ক’ হয়ে গিয়েছিল এক গরিলা। ১৯৮৬ সালে আমেরিকার নিউ জার্সির একটি চিড়িয়াখানায় গরিলায় খাঁচায় পড়ে গিয়েছিল পাঁচ বছরের একটি শিশু।
চিলের পর এবার আমেরিকার সিনসিনাটি চিড়িয়াখানা। চার বছরের শিশুকে বাঁচাতে গিয়ে একটি পূর্ণবয়স্ক গরিলাকে গুলি করে মারলেন ওহায়োর সিনসিনাটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ। গত সপ্তাহেই চিলের একটি চিড়িয়াখানায় গুলি করে মারা হয়েছিল এক সিংহ-দম্পতিকে। কারণ, আত্মহত্যা করতে চেয়ে সিংহের এলাকার মধ্যে ঢুকে পড়েছিলেন এক যুবক। সেসময় তাকে আক্রমণ করে ওই সিংহ-সিংহী।
গতকাল বাবা-মায়ের সঙ্গে চিড়িয়াখানা ঘুরতে গিয়ে গরিলাদের এলাকায় পরিখার মধ্যে পড়ে গিয়েছিল শিশুটি। সেসময়ে শিশুটির দিকে এগিয়ে গিয়েছিল ১৭ বছর বয়সি গরিলা ‘হারাম্বে’। প্রায় ১০ মিনিট ধরে শিশুটিকে জলের মধ্যে টানাহ্যাঁচড়া করেছিল সে। চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, সেসময় শিশুটিকে বাঁচাতে বাধ্য হয়েই ‘হারাম্বে’কে গুলি করেন তাঁরা। গুরুতর জখম শিশুটি এখন হাসপাতালে।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, গতকাল বিকেল ৪টে নাগাদ রেলিং টপকে প্রায় ১০-১২ ফুট নীচের পরিখার মধ্যে শিশুটি পড়ে যায়। এরপরই শিশুটির একদম কাছে চলে যায় ১৮০ কিলোগ্রাম ওজনের অতিকায় ‘হারাম্বে’। এলাকার মধ্যে আরও দু’টি মেয়ে গরিলা থাকলেও তারা শিশুটির কাছে যায়নি। ঘটনার ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে, শিশুটিকে টানতে টানতে পরিখার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় ওই পুরুষ গরিলা। দর্শকেরা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন। সেইসময় এক মহিলাকে (সম্ভবত শিশুটির মা) চিৎকার করে বলতে শোনা যায়, ‘‘মা তোমার কাছেই আছে, ইশাইয়া, কেঁদো না।’’ ভয় পেয়ে ততক্ষণে কান্নাকাটি শুরু করেছে শিশুটি। ফলে গরিলাটি রেগে গিয়ে শিশুটির ক্ষতি করতে পারে, এই আশঙ্কায় চিড়িয়াখানার বিশেষ বাহিনী গুলি করে ‘হারাম্বে’কে।
চিড়িয়াখানার প্রধান টান মেনার্ডের অবশ্য যুক্তি, ওই গরিলা শিশুটিকে মেরে ফেলতে পারত বলেই মনে করেছিলেন আপৎকালীন বাহিনীর সদস্যেরা। এছাড়া, ঘুমপাড়ানি গুলি দিয়ে সঙ্গে সঙ্গে কাবু করা যেত না ওই পূর্ণবয়স্ক গরিলাকে। ফলে শিশুটির প্রাণহানির সম্ভাবনা ছিল। তাই বাধ্য হয়েই তাঁরা ‘হারাম্বে’কে গুলি করার সিদ্ধান্ত নেন। টানের কথায়, ‘‘শিশুটিকে বাঁচাতেই ওই দলের সদস্যেরা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন। এই প্রথম দর্শককে বাঁচাতে চি়ড়িয়াখানার কোনও প্রাণীকে মেরে ফেলতে হল।’’ ২০১৫ সালে টেক্সাসের চি়ড়িয়াখানা থেকে সিনসিনাটি চিড়িয়াখানায় এসেছিল হারাম্বে।
এর আগে অবশ্য প্রায় একই ধরনের ঘটনায় রাতারাতি ‘নায়ক’ হয়ে গিয়েছিল এক গরিলা। ১৯৮৬ সালে আমেরিকার নিউ জার্সির একটি চিড়িয়াখানায় গরিলায় খাঁচায় পড়ে গিয়েছিল পাঁচ বছরের একটি শিশু। সেই ঘটনায় শিশুটির রক্ষাকর্তা হয়ে দেখা দিয়েছিল ‘জাম্বো’ নামে একটি পুরুষ গরিলা। গুরুতর জখম শিশুটিকে বাকি গরিলাদের থেকে রক্ষা করেছিল ‘জাম্বো’। ৩০ বছর পর ‘হারাম্বে’র কপালে অবশ্য খ্যাতি নয়, জুটেছে বুলেট!

Be the first to comment on "শিশুকে বাঁচাতে গরিলাকে গুলি আমেরিকার চিড়িয়াখানায়!"