শিরোনাম

সনিয়া অসুস্থ, তাই রণকৌশল ঠিক করছেন রাহুল

নিউজ ডেস্ক:আইসিইউ থেকে বেরিয়েছেন সনিয়া গাঁধী। কিন্তু হাসপাতাল থেকে ছাড়া পেয়ে স্বাভাবিক কাজকর্মে ফিরতে এখনও লেগে যেতে পারে কয়েক মাস। তাই রাহুল গাঁধীকে পুরোদমে মাঠে নামিয়েই এ বার উত্তরপ্রদেশের রণকৌশল ঠিক করতে চাইছেন কংগ্রেস নেতৃত্ব।

দলের এক সূত্রের মতে, সনিয়া বারাণসীতে দলের প্রচারে যাওয়ার আগেই রাহুল লখনউয়ে একটি সভা করেছিলেন। কিন্তু জনতার যে ঢল সনিয়ার রোড-শো-তে নেমেছিল, তুলনামূলক ভাবে তেমন সাড়া মেলেনি লখনউয়ে। কংগ্রেসের নেতাদের মতে, একটি কারণ হতে পারে, রোড-শো-এর মাধ্যমে বেশি সংখ্যার মানুষের কাছাকাছি আসা যায়। সনিয়ার এখন যা শারীরিক অবস্থা, তাতে আগামী কয়েক মাস তাঁর পক্ষে সভা বা রোড-শো করা সম্ভব নয়। তাই রাহুলকে দিয়েই এ বার উত্তরপ্রদেশে রোড-শোর পরিকল্পনা।

কংগ্রেসের নির্বাচনী কৌশলী প্রশান্ত কিশোর রোড-শোর প্রস্তাব দলের শীর্ষ নেতৃত্বের সামনে রেখেছেন। লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর কৌশলী হিসেবে তিনিও প্রধানমন্ত্রীর প্রার্থীকে দিয়ে বারাণসীতেই রোড-শো করিয়েছিলেন। এ বার উত্তরপ্রদেশে কংগ্রেসের মুখ শীলা দীক্ষিত ও অন্য শীর্ষ নেতাদের দিয়েও একটি রোড-শো করানো হয়েছে দিল্লি থেকে লখনউ পর্যন্ত। তাতেও সাড়া মিলেছে। ফলে রাহুলকে দিয়ে এ বার একটি দীর্ঘ রোড-শো করানোর পরিকল্পনা হচ্ছে। যাতে দফায় দফায় দুই-এক সপ্তাহ করে টানা রোড-শো করতে পারেন রাহুল। কংগ্রেস নেতাদের আশা, এতে দল অনেক ভোট টানতে পারবে।

বারাণসীর রোড-শোয়ে গিয়ে শরীরে জলের অভাব থাকায় অজ্ঞান হয়ে যান সনিয়া। পড়ে গিয়ে তাঁর কাঁধের হাড় সরে যায়। গত কালই মুম্বই থেকে চিকিৎসক উড়িয়ে এনে সনিয়ার অস্ত্রোপচার হয়। আজ দিল্লির গঙ্গারাম হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, সনিয়াকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তবে হাসপাতাল সূত্রের মতে, এখনও তাঁর বুকে সংক্রমণ রয়েছে। ফলে আরও কিছুটা নজরদারি রাখতে কয়েক দিন হাসপাতালেই বিশ্রামে রাখা হবে তাঁকে। তার পর ছাড়া পাবেন তিনি।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

basic-bank

Be the first to comment on "সনিয়া অসুস্থ, তাই রণকৌশল ঠিক করছেন রাহুল"

Leave a comment

Your email address will not be published.


*