নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছে আরও আটজন।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বেড়তলায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. আলমগীর কবির সিদ্দিক।
নিহতদের বয়স আনুমানিক ৪০ থেকে ৫০ বছরের মধ্যে বলে পুলিশ জানালেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর থেকে একটি মাইক্রোবাস যাত্রী নিয়ে ঢাকার বিমানবন্দরে যাচ্ছিল।
“ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বেড়তলা বাজারের সামনে আশুগঞ্জ থেকে আসা সিলেটমুখী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসের দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান।”
এ ঘটনায় আরও আটজন আহত হলে তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে তিনি জানান।
আহতরা হলেন জামাল মিয়া (৩৯), রুফিয়া বেগম (৫০), আবদুল কাইয়ূম (৭৩), জুনায়েদ হোসেন (২৪), জাহিদুল (১২), হাবীবাহ্ (০২), ওমর মিয়া (০৩) ও মরিয়ম (০৫)।
দুর্ঘটনার পর উভয় যানবাহনের চালক পালিয়ে গেছে বলে ওসি আলমগীর জানান।

Be the first to comment on "সরাইলে ট্রাক-মাইক্রো মুখোমুখি সংঘর্ষে নিহত ২"