নিউজ ডেস্ক: অবশেষে সিরীয় সামরিক বাহিনীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশটিতে একটি সাময়িক এবং আংশিক যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে। সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, দামেস্কে ২৪ ঘণ্টার জন্য এবং উপকূলীয় লাটাকিয়া প্রদেশে তিনদিন তারা যুদ্ধ থেকে বিরত থাকবে। খবর বিবিসির।
যুদ্ধ-বিধ্বস্ত এলাকাগুলো থেকে বেসামরিক বাসিন্দারা যেন চলে যেতে পারে সেজন্যই এই যুদ্ধবিরতি কার্যকর করা হচ্ছে। সাধারণ বাসিন্দাদের বিদ্রোহীরা যেন ঢাল হিসাবে ব্যবহার করতে না পারে সেজন্যই সেনাবাহিনী এই সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার অব্যাহত কূটনীতিক চাপের কারণেই সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তবে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র সরকার আর বিদ্রোহী বাহিনীর শান্তিচুক্তি বাস্তবায়নের ওপর জোর দিচ্ছে। এর ফলে পুরো সিরিয়া জুড়েই যুদ্ধবিরতি কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
প্রথমদিকে ওই চুক্তির বিষয়ে দুপক্ষ সম্মত থাকলেও চুক্তির পরপরই এক পক্ষ অন্য পক্ষের ওপর চুক্তি ভঙ্গের অভিযোগ এনেছে।
তবে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি রয়েছে আলেপ্পোতে। শুধু মাত্র ওই শহরেই ২শ` জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে। অথচ সেনাবাহিনীর যুদ্ধবিরতির মধ্যে আলেপ্পো শহরকে অন্তর্ভুক্ত করা হয়নি।
আলেপ্পোতে নতুন করে আবারও সহিংসতা শুরু হয়েছে। শহরটির এক অংশ সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে আর অপর অংশের নিয়ন্ত্রণ করছে বিদ্রোহীরা। এই শহরটিকে যুদ্ধবিরতির আওতায় আনা দাবী জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

Be the first to comment on "সিরিয়ায় সামরিক যুদ্ধবিরতি কার্যকর"