নিউজ ডেস্ক : বর্তমান সরকারের আমলে দেশে দুর্নীতি ও মানুষ হত্যার ঘটনা ঘটছে বলে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন সুযোগ আসলে প্রতিটি হত্যাকান্ডের বিচার করা হবে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সিলেটের কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিসের ওপর সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে মহিলা দল আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নারী নির্যাতনের বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করে গয়েশ্বর বলেন, আমরা জানি সরকার আমাদের কোনো কথা শুনবেনা। কেননা আমরা সাগর-রুনিকে হারিয়েছি। কোনো বিচার পায়নি। তনুকে হারিয়েছি, বিচার পায়নি। কিন্তু সময় আসলে আমরা প্রত্যেকটি হত্যা, গুম এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচার করবো। সেজন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নিতে হবে।
গয়েশ্বর বলেন, এ মিথ্যাচার করে ক্ষমতায় টিকে আছে। তাই তারা আমাদের কোন কথাকে আমলে নিচ্ছে না। তবুও আমরা সরকারকে আহ্বান জানাবো অবিলম্বে হত্যা-গুম বন্ধ করুন। পাশাপাশি জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশবাসীকে স্বস্তি দিন। তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেতা ও স্পিকার নারী। তারপরও নারী হত্যা যেন দেশে রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে। পুলিশ বাহিনী, গোয়েন্দা বাহিনী বা আইনশৃংখলাবাহিনী কি করছে। তাদের কাজ কী শুধু সরকারি দলের লোকজনকে পাহাড়া দেয়া আর বিরোধী রাজনৈতিক দলের লোকজনকে হয়রানি করা?
মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশে একের পর এক মা-বোনদের হত্যা করা হচ্ছে। রাজনৈতিক কর্মীদের হত্যা করা হচ্ছে। কোনো বিচার হচ্ছেনা। সিলেটে প্রকাশ্যে কলেজ ছাত্রী খাদিজাকে কোপালো ছাত্রলীগ নেতা সেটারও কোনো বিচার হবেনা? এভাবে চলতে দেয়া যায় না। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে জনগণের সরকার কায়ম করে এসব বন্ধ করতে হবে। এ জন্য দেশের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, শাম্মী আখতার, ঢাকা মহানগর উত্তরের সভাপতি পেয়ারা মোস্তফা সাধারণ সম্পাদক নূরজাহান ইয়াসমিন, মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রাজিয়া আলিম প্রমুখ।

Be the first to comment on "সুযোগ আসলে প্রতিটি হত্যাকান্ডের বিচার করা হবে- গয়েশ্বর"