নিউজ ডেস্ক: দেড় বছর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি ৩৪৮ গ্রাম সোনা উদ্ধারের ঘটনায় গ্রেফতার ফারহান মানি এক্সচেঞ্জের মালিক মো. হারুন অর রশীদকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
তার জামিন প্রশ্নে জারি করা রুল শুনানি শেষে বৃহস্পতিবার (২১ এপ্রিল) এ রায় দেন বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী গোলাম কিবরিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী টিকু।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ১২ নভেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রাম থেকে আসা বিজি-০৪৬ ফ্লাইটে বাংলাদেশ বিমানের কেবিন ক্রু মাজহারুল আফসার রাসেলকে ২ কেজি ৩৪৮ গ্রাম সোনাসহ গ্রেফতার করে কাস্টমস।
এরপর বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়। এ মামলায় রাসেলকে রিমান্ডে নেওয়ার পর আরও চারজনের নাম উঠে আসে। রাসেলের স্বীকারোত্তি অনুযায়ী ১৯ নভেম্বর হারুনুর রশীদ গ্রেফতার হন।
বিচারিক আদালতে জামিন নামঞ্জুর হওয়ার পর হাইকোর্টে আবেদন করেন হারুন। ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি হাইকোর্ট তাকে অন্তর্বতীকালীন জামিন দিয়ে রুল জারি করেন। ওই সময় হারুন জামিনে মুক্তি পান। কিন্তু রাষ্ট্রপক্ষ জামিনের বিরুদ্ধে আবেদন করলে আপিল বিভাগ ১২ মার্চ তার জামিন স্থগিত করে আত্মসমর্পণের নির্দেশ দেন। পরে তিনি আত্মসমর্পণ করেন। সেই থেকে কারাবন্দি হারুন।
আমিনুর রহমান চৌধুরী টিকু জানান, হারুনুর রশিদকে জামিন দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

Be the first to comment on "সোনা চোরাচালানের আসামির জামিন হাইকোর্টে"