শিরোনাম

স্যামির আবেগময় প্রতিক্রিয়া

নিউজ ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের পর স্মরণীয় ও আবেগময় প্রতিক্রিয়ায় ক্রিকেট বিশ্বে আলোড়ন তুলেছেন ড্যারেন স্যামি। ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি অধিনায়ক পাল্টা জবাব দিয়েছেন সমালোচকদের, এক হাত নিয়েছেন নিজেদের বোর্ডকে, ধন্যবাদ জানিয়েছেন সাপোর্ট স্টাফদের আর জয় উৎসর্গ করেছেন ক্যারিবিয়ার মানুষদের। রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের রুদ্ধশ্বাস ফাইনালে শেষ ওভারের টানা চার ছক্কায় ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড দ্বিতীয়বার শিরোপা জয় করে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাসের হুসেইনের কাছে স্যামি জানালেন চ্যাম্পিয়ন হওয়ার প্রতিক্রিয়া; প্রশংসায় ভাসালেন চার ছক্কার নায়ক কার্লোস ব্র্যাথওয়েটকে।

হুসেইনের তৃতীয় প্রশ্নটি ছিল ২০১২ সালের শিরোপা জয়ের স্বাদের সঙ্গে এবারের জয়ের তুলনা। মুচকি হাসিতে স্যামি বললেন, ‘আপনি চান আমি এটা নিয়ে কথা বলি?’ মাথা নেড়ে সম্মতি জানালেন হুসেইন। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ভাসালেন আবেগের তরী।

“লোকে বলাবলি করছিল আমরা এই টুর্নামেন্ট খেলব কিনা। অনেক অনেক সমস্যার মোকাবেলা করতে হয়েছে আমাদের। নিজেদের বোর্ড আমাদের অসম্মানিত করেছে। মার্ক নিকোলাস (সাবেক ক্রিকেটার ও এখন ধারাভাষ্যকার) আমাদের খেলোয়াড়দের বলেছেন ‘শর্ট অব ব্রেইন’। টুর্নামেন্ট শুরুর আগে এই সব ব্যাপার আমাদের দলকে আরও একাট্টা করেছে, সবাইকে কাছে এনেছে।”

“সমস্যার পাহাড় ঠেলে এগিয়ে যাওয়ার সামর্থ্য দেখানো এবং এই আবেগময় দর্শকের সামনে এই ধরনের ক্রিকেট খেলার জন্য আমি এই ১৫ জন ছেলেকে ধন্যবাদ জানাতে চাই। অসাধারণ এক জয় এটি।” দল নির্বাচন নিয়ে মন্তব্য করে বোর্ডের সঙ্গে ঝামেলায় কয়েক মাস আগেই সাময়িক বরখাস্ত হয়েছিলেন কোচ ফিল সিমন্স। দায়িত্বে ফিরেই দলকে জেতালেন বিশ্বকাপ। অধিনায়ক আলাদা করেই বললেন কোচের কথা। “কোচিং স্টাফের সবাইকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চাই। কোচ ফিল, অনেক কিছুর ভেতর দিয়ে যেতে হয়েছে তাকে। সেখান থেকে এসে দলকে এভাবে কোচিং করানো, সে দুর্দান্ত। কোচিং স্টাফের সবাই নিজেদের কাজটা করেছেন।” স্যামি জানালেন, টুর্নামেন্টের আগে মাঠে নামার পোশাকও ছিল না তাদের।

“নতুন একজন ম্যানেজারকে নিয়ে এই টুর্নামেন্টে এসেছি আমরা, লুইস। এর আগে কখনোই কোনো দলের ম্যানেজার হওয়ার অভিজ্ঞতা তার ছিল না। দুবাইয়ে আমরা ক্যাম্প করতে গেলাম, আমাদের প্রিন্টেড কোনো ইউনিফর্ম ছিল না। সে দুবাই থেকে কলকাতায় এলো, যেখানে আমরা শুরু করেছিলাম। আমাদের এই পোশাক জোগাড় করতে যে ঝামেলা ওকে পোহাতে হয়েছে…”

“পুরো দলকেই আসলে কৃতিত্ব দিতে হবে। আমাদের ছোট্ট পৃথিবীতে শুধু আমরাই ছিলাম। এই জয় আমরা উৎসর্গ করছি ক্যারিবিয়ানে আমাদের সব ভক্ত-সমর্থকদের।”

basic-bank

Be the first to comment on "স্যামির আবেগময় প্রতিক্রিয়া"

Leave a comment

Your email address will not be published.


*