শিরোনাম

হজযাত্রী কমলো ১২ হাজার

নি‌উজ ডেস্ক : সৌদি সরকারের বেঁধে দেওয়া কোটা অনুযায়ী বাংলাদেশের হজযাত্রীদের সংখ্যা ১২ হাজার ১১০ জন কমিয়ে সংশোধিত হজ নীতি ও প্যাকেজ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সচিবালয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে চলতি বছরের জাতীয় হজ ও ওমরাহ নীতি এবং হজ প্যাকেজের সংশোধন প্রস্তাব অনুমোদন করা হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, গত ১১ জানুয়ারি মন্ত্রিসভা জাতীয় হজ নীতি ও হজ প্যাকেজ অনুমোদন দেয়। সেদিন সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ৮ হাজার ৮৬৮ জন বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন বলে অনুমোদন দেয় মন্ত্রিসভা। নীতিমালা সংশোধন করে হজযাত্রীর সংখ্যা পুনর্নির্ধারণ করা হয়েছে। এখন সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন হজে যাবেন। হজযাত্রী কমেছে ১২ হাজার ১১০ জন বলেও জানান তিনি।
সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী হজ নীতিতে এই সংশোধন আনা হয়েছে জানিয়ে সচিব বলেন, ‘আমাদের কিছু করার নেই। সব দেশের জন্যই সৌদি আরব এই পলিসি নিয়েছে।’

মন্ত্রিসভা ১ লাখ ১৩ হাজার ৮৬৮ জনকে হজে যাওয়ার অনুমোদন দিয়ে হজ নীতি অনুমোদন করলেও গত ১৪ ফেব্রুয়ারি সৌদি আরবের সঙ্গে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন হজে যেতে পারবেন বলে হজ চুক্তি করে বাংলাদেশ। বাংলাদেশি হজযাত্রীদের কোটা আগেই কমানো হলেও এর প্রায় দুই মাস পর সেই সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন পেল। জাতীয় হজ নীতির পাশাপাশি হজ প্যাকেজেও কয়েকটি সংশোধনী আনা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, আগে একেকটি হজ এজেন্সি সর্বনিম্ন ৫০ জন হজযাত্রী থাকলে তাদের হজে পাঠাতে পারতো। এখন দেড়শ হজযাত্রী না থাকলে কোনো এজেন্সি হজযাত্রী পাঠাতে পারবে না।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘গত বছর আরাফাতের ময়দানে অতিরিক্ত গরমে অনেকে অসুস্থ্য হয়ে পড়েন, কেউ কেউ মারা যান। এজন্য সৌদি সরকার জানিয়েছে, গরমের কষ্ট কমাতে ওয়াটার কুলারের ব্যবস্থা করবেন তারা।’

আবাসান, বাড়িভাড়া ও ক্যাটারিং খরচ বাবদ সব অর্থ অনলাইনে পরিশোধ করতে হবে জানিয়ে তিনি বলেন, অন্য কোনোভাবে লেনদেন করা যাবে না।

basic-bank

Be the first to comment on "হজযাত্রী কমলো ১২ হাজার"

Leave a comment

Your email address will not be published.


*