শিরোনাম

২৩ কিলোমিটার সড়কে ২২ হাজার গর্ত!

নিউজ ডেস্ক: পাবনা-নগরবাড়ি মহাসড়কের মাধপুর থেকে সাঁথিয়া উপজেলা সদর হয়ে বেড়া সিঅ্যান্ডবি পর্যন্ত ২৩ কিলোমিটার মহাসড়কে ২২ হাজারের বেশি ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। খানাখন্দে ভরা এই আঞ্চলিক মহাসড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

গুরুত্বপূর্ণ এ আঞ্চলিক সড়কটি চলাচলের অনুপযোগী হওয়ার পেছনে সময়মতো সংস্কার না হওয়াকে দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, সড়ক সংস্কার না হওয়ার জন্য দায়ী পাবনা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

খোঁজ নিয়ে জানা যায়, মাধবপুর থেকে সাঁথিয়া সদর হয়ে বেড়া সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ড পর্যন্ত ২৩ কিলোমিটার আঞ্চলিক সড়কের বিটুমিন খোয়া উঠে ছোট-বড় প্রায় বিপুল গর্তের সৃষ্টি হয়েছে। এতে সাঁথিয়া ও বেড়া উপজেলা থেকে পাবনা শহরে চলাচলকারী বাস, ট্রাক, সিএনজি, লেগুনাসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই মহাসড়কে চলাচলকারী যানবাহন প্রতিনিয়ত দুর্ঘটনায় পতিত হচ্ছে। এতে প্রাণহানিসহ অনেককেই পুঙ্গুত্ব বরণ করতে হয়েছে।

পাবনা সদর থেকে ছেড়ে আসা রীমা গাড়ির চালক আবদুল মোমিন এনটিভি অনলাইনকে জানান, মাধপুর থেকে সাঁথিয়া উপজেলা সদর হয়ে বেড়া যেতে এক ঘণ্টা সময় লাগত। সেখানে এখন দুই ঘণ্টার বেশি সময় লাগছে।

সাঁথিয়া নন্দনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহীন ইকবাল জানান, আঞ্চলিক মহাসড়কটির বিটুমিন পাথর উঠে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হওয়ায় জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ ব্যাপারে সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান জানান, সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় জনসাধারণকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিষয়টি জেলা মাসিক সভায় জোরালোভাবে তুলে ধরা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

এ ব্যাপারে পাবনা সওজের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার বলেন, রাস্তাটি সংস্কারের জন্য ছয় কোটি ৯০ লাখ টাকার টেন্ডার আহ্বান করে মীর হাবিবুল আলম নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের কার্যাদেশ দেওয়া হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করবে। এদিকে ঝড় বৃষ্টির মওসুমে সংস্কারকাজ কতটুকু সঠিকভাবে হবে- এ নিয়ে প্রশ্ন তুলেছে সচেতন মহল।

সূত্র: এনটিভি

basic-bank

Be the first to comment on "২৩ কিলোমিটার সড়কে ২২ হাজার গর্ত!"

Leave a comment

Your email address will not be published.


*