শিরোনাম

অন্ধ্রপ্রদেশে ট্রেনের ৭ বগি লাইনচ্যুত, নিহত ৩২

নিউজ ডেস্ক : ভারতের অন্ধ্রপ্রদেশে একটি যাত্রীবাহী ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ৩২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও শতাধিক মানুষ।

শনিবার রাতে রাজ্যের ভিজিয়ানগর এলাকায় জাগদলপুর-ভুবনেশ্বর এক্সপ্রেস নামে ২২ কোচের ট্রেনটি এ দুর্ঘটনার কবলে পড়ে। এটি ছত্তিশগড়ের জাগদলপুর থেকে উড়িষ্যার ভুবনেশ্বর রুটে চলাচল করে।

পূর্ব-উপকূলীয় রেলওয়ের প্রধান গণসংযোগ কর্মকর্তা জে পি মিশ্র সংবাদমাধ্যমকে বলেন, জাগদলপুর থেকে ভুবনেশ্বর যাওয়ার পথে ভিজিয়ানগরের কুনেরু স্টেশনের কাছে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে এর ইঞ্জিন এবং সাতটি কোচ লাইনচ্যুত হয়। কোচগুলো হলো লাগেজ ভ্যান, দু’টি সাধারণ কোচ, দু’টি স্লিপার কোচ ও একটি এসি থ্রি টায়ার কোচ এবং একটি এসি টু টায়ার কোচ।

দুর্ঘটনার পর এখন পর্যন্ত ৩২ জনের নিহত হওয়ার খবর মিলেছে। আহতের সংখ্যাও শ’ ছাড়িয়েছে। বাড়তে পারে হতাহতের উভয় সংখ্যাই। আহতদের নিকটস্থ হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।

এছাড়া, লাইনচ্যুত বগিগুলোর নিচে অনেক যাত্রীই আটকা থাকতে পারেন বলে জানিয়ে মিশ্র বলেন, ঘটনাস্থলে সকাল পর্যন্তও কাজ করছিল পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন।

কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছেন না রেলওয়ের কর্মকর্তারা।

তবে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে যোগাযোগের ক্ষেত্রে রেলের ওপর সমানভাবে নির্ভরশীল ভারতে। গত নভেম্বরেই উত্তরপ্রদেশে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ১৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়।

basic-bank

Be the first to comment on "অন্ধ্রপ্রদেশে ট্রেনের ৭ বগি লাইনচ্যুত, নিহত ৩২"

Leave a comment

Your email address will not be published.


*