নিউজ ডেস্ক : রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের মানুষের উন্নতি হয়, দেশের মানুষ খেয়ে পরে বাঁচতে পারে। অন্যেরা ক্ষমতায় এলে দেশের সম্পদ পাচার হয়। লুটপাট হয়। আওয়ামী লীগ উন্নয়নের নামে জনগনের সাথে ধোঁকবাজি করেনা। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, যাবে।
শনিবার বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের চতুর্থ ট্রিপের শুভ উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকালে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন চত্ত্বরে অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ রেলওয়ে বাংলার মানুষের একটি সাশ্রয়ী ও নিরাপদ যানবাহন। বৃটিশ শাসন আমলের পর পাকিস্তান আমল এবং তার পরবর্তী যারাই ক্ষমতায় এসেছেন কেহই রেলের প্রতি নজর দেয়নি। বিএনপি সরকার ক্ষমতায় এসে উন্নয়নতো করেইনি বরং অসংখ্য রেল স্টেশনকে বন্ধ করে দিয়েছে, বিদ্যমান রেললাইন তুলে নিয়ে বিক্রি করে দিয়েছিল। রেলকে লোকসানী খাত হিসেবে চিহ্নিত করে ধ্বংস করে দিয়েছিলো।
তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রেলওয়ের বন্ধ স্টেশন চালু করেছে, নতুন নতুন লাইন নির্মাণ করেছে। নতুন নতুন কোচ আমদানী করে এদেশের মানুষের সেবায় বাংলাদেশ রেলওয়েকে গণপরিবহনে রূপান্তর করেছে।
মন্ত্রী অনুষ্ঠানে বলেন, বাংলাদেশের একটি জেলাও বাদ থাকবেনা রেল নেটওয়ার্কের বাইরে। আগামী দুই তিন বছরে রেলওয়ের উন্নয়ন দৃশ্যমান হওয়ার পর একমাত্র পরিবহন হিসেবে রেলকেই বেঁচে নেবে এদেশের সকল শ্রেণীপেশার মানুষ।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, বাংলাদেশ নিযুক্ত ভারতীয় হাই কমিশনের দ্বিতীয় সচিব আদর্শ সারকা, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় মহাপরিচালক আব্দুল হাই প্রমুখ। পরে মন্ত্রী ফিতা কেটে মৈত্রী ট্রেনের চতুর্থ ট্রিপের উদ্ভোধন করেন এবং ট্রেনে উঠে যাত্রীদের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

Be the first to comment on "আওয়ামী লীগ উন্নয়নের নামে ধোঁকবাজি করেনা: রেলপথ মন্ত্রী"