শিরোনাম

আফগানদের হাতে ৭৬ জন ‘মোস্ট ওয়ান্টেড’ সন্ত্রাসীর তালিকা দিলো পাকিস্তান

নিউজ ডেস্ক : আজ শুক্রবার রাওয়ালপিন্ডিতে পাকিস্তানি সেনা সদর দপ্তরে আফগান অ্যাম্বেসির কর্মকর্তাদের তলব করা হয়। সেখানে আফগান কর্মকর্তাদের হাতে ৭৬ জন ‘মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী’র নামের তালিকা তুলে দিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। এক টুইট বার্তায় এ তথ্য জানান পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্সের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর।

ওই তালিকাভুক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে হয় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ, কিংবা তাদের পাকিস্তানি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছে পাক সেনাবাহিনী। পাকিস্তানে হামলা চালানোর জন্য সন্ত্রাসীরা আফগান ভূখণ্ড ব্যবহার করছে- এমন অভিযোগ তুলে ইসলামাবাদের পররাষ্ট্র দপ্তরে আফগানিস্তানের এক উর্ধ্বতন কূটনীতিককে তলব করা হয় দুই দিন আগে। তারপর আজ এ পদক্ষেপ নেওয়া হলো। ওই আফগান কূটনীতিকের কাছে পাকিস্তানে সাম্প্রতিক সন্ত্রাসী হামলাগুলোর বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়েছিল।

জাতিসংঘ এবং ইউরোপিয়ান কমিশনের (ইউএন অ্যান্ড ইসি) অ্যাডিশনাল সেক্রেটারি তাসনিম আসলাম আফগান কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তিনি সাম্প্রতিক সময় পাকিস্তানে ঘটে চলা সন্ত্রাসী হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে সন্ত্রাসী গ্রুপ জামাত-উল-আহরার এর পাকিস্তানে হামলা চালানোর বিষয় তুলে ধরা হয়।

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি হামলার শিকার হয়েছে পাকিস্তান। গত বৃহস্পতিবার এক ভয়াবহ হামলায় কেঁপে ওঠে পাকিস্তান। ওই দিন সন্ধ্যায় পাকিস্তানের সিন্ধু প্রদেশের শেহওয়ান এলাকার লাল শাহবাজ কালান্দার নামের সুফি মাজারে আত্মঘাতী বোমা হামলায় ৭৬ জন নিহত হন। আহত হয়েছেন আড়াই শতাধিক। দেশটির সবচেয়ে সম্মানিত সুফি মাজারে এমন নৃশংস হামলার ঘটনা ঘটলো। এরপর আফগানিস্তানের সঙ্গে সীমান্ত এলাকা বন্ধ করে দিয়েছে পাকিস্তান। এ ছাড়া গত ১৫ ফেব্রুয়ারি দেশটির উত্তর-পশ্চিমে উপজাতি অধ্যুষিত এলাকায় প্রশাসনিক সদর দপ্তরের বাইরে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন অন্তত ৫ জন। পাকিস্তানি-তালেবানের ভেঙে যাওয়া উপদল জামাত-উল-আহরার ওই হামলার দায় স্বীকার করে গণমাধ্যমে বিবৃতি দিয়েছিল। আর বৃহস্পতিবারের হামলার দায় স্বীকার করা হয়েছে আইএস-এর পক্ষ থেকে। সূত্র: ডন

basic-bank

Be the first to comment on "আফগানদের হাতে ৭৬ জন ‘মোস্ট ওয়ান্টেড’ সন্ত্রাসীর তালিকা দিলো পাকিস্তান"

Leave a comment

Your email address will not be published.


*