নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৃথক সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়েছে। আজ বুধবার সকালে একজন ঢাকায় নেওয়ার পথে ও অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ ব্যাপারে উল্লাপাড়া থানায় পৃথক মামলা হয়েছে। নিহতরা হলো আসাদুল হক আকাশ (১৮) উল্লাপাড়ার সলপ ইউনিয়নের খান সোনতলা গ্রামের কৃষক মেনহাজ উদ্দিনের ছেলে ও উল্লাপাড়া চক পাঙ্গাসী গ্রামের লাল চানের ছেলে মকবুল হোসেন।
উল্লাপাড়া থানার এসআই মো. সবুজ রানা জানান, খান সোনতলা তফসির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে সোমবার দুপুরে বাকবিতণ্ডা ও মারামারির ঘটনা নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত হয়। ওই ঘটনায় আকাশ মধ্যস্থতা করতে গেলে একই গ্রামের আনসার আলীর ছেলে বিদায়ী শিক্ষার্থী কোবাদ আলীর সঙ্গেও বাকবিতণ্ডা হয়। এর জের ধরে মঙ্গলবার দুপুরে খান সোনতলা গ্রামের গুলিস্থান মোড়ে আকাশকে একা পেয়ে কোবাদ ও তার বড় ভাই খালেক, বারেক ও কুরান আলীসহ বেশ কয়েকজন মিলে বেধড়ক পেটায়। পরে আকাশকে রাস্তায় ফেলে ইট দিয়ে মাথা থেতলে গুরুতর জখম করা হয়।
আকাশের স্বজন ও স্থানীয়রা আহত অবস্থায় আকাশকে উদ্ধারের পর প্রথমে উল্লাপাড়া বেঙ্গল হাসপাতাল ও পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে এনায়েতপুর খাজা ইউনুস আলী (র.) হাসপাতালে ভর্তি করা হয়। আজ বুধবার সকালে ঢাকায় স্থানান্তরের পথে টাঙ্গাইলের এলেঙ্গায় মারা যায় সে। পুলিশ তার লাশ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে।
অপরদিকে, গত ২১ জানুয়ারি উপজেলা চক পাঙ্গাসী গ্রামের জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে মকবুল হোসেনকে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান তিনি।

Be the first to comment on "উল্লাপাড়ায় পৃথক সংঘর্ষে কলেজ ছাত্রসহ দুইজন নিহত"