নিউজ ডেস্ক : নতুন বছরে নতুন সিনেমায় অভিনয়ের খবর জানালেন চিত্রনায়িকা মৌসুমী। নির্মাতা কাজী হায়াত তার ৫০তম চলচ্চিত্র নির্মাণ করতে চলেছেন। সিনেমাটির শিরোনাম ‘ঘুম’। এই সিনেমায় অভিনয় করবেন মৌসুমী।
১৯৭৯ সালে ‘দি ফাদার’ নির্মাণের মধ্য দিয়ে চলচ্চিত্র পরিচালক হিসেবে কাজী হায়াতের অভিষেক ঘটে। এ পর্যন্ত তিনি ৪৯টি চলচ্চিত্র নির্মাণ করেছেন। সর্বশেষ তিনি ‘ছিন্নমূল’ নামে একটি ছবি পরিচালনা করেন।
কাজী হায়াতের পরিচালনায় সর্বশেষ ২০০৩ সালে ‘মিনিস্টার’ চলচ্চিত্রে অভিনয় করেছেন মৌসুমী। সেই ছবিতে মৌসুমীর সহশিল্পী ছিলেন চিত্রনায়ক মান্না। এক যুগেরও বেশি সময় পর আবারও কাজী হায়াতের পরিচালনায় অভিনয় করতে যাচ্ছেন মৌসুমী।
মৌসুমী বলেন, ‘প্রায় ১৩ বছর পর আবারও কাজী হায়াতের সঙ্গে কাজ করব, এটা ভেবে বেশ ভালো লাগছে। ঘুম চলচ্চিত্রের গল্প শুনে ভালো লেগেছে। আশা করি সবার ভালো লাগার মতো একটি ছবি হবে। গল্প ও সংলাপ আমার কাছে অসাধারণ মনে হয়েছে।’
ঘুম চলচ্চিত্রের অন্য শিল্পীদের ব্যপারে এখনই চূড়ান্ত কিছু জানাতে চান না পরিচালক। শিগগিরই ছবির অন্য অভিনয় শিল্পীদের নাম প্রকাশ করা হবে বলে জানান কাজী হায়াত। ছবিটি প্রযোজনা করবে ইমপ্রেস টেলিফিল্ম।
এক যুগ পর কাজী হায়াতের সঙ্গে মৌসুমী

Be the first to comment on "এক যুগ পর কাজী হায়াতের সঙ্গে মৌসুমী"