নিউজ ডেস্ক : ঘরে-বাইরে যেখানে থাকুন না কেনো, চাইলেই দুদকে দায়ের করতে পারবেন দুর্নীতির অভিযোগ। এ জন্য মোবাইল ফোনই যথেষ্ট।
দুর্নীতি প্রতিরোধ ও দমনে জনসাধারণকে বেশি করে সম্পৃক্ত করতে এমন সুবিধা নিয়ে অ্যাপস ছাড়ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সুনির্দিষ্ট দিনক্ষণ জানা না গেলেও অ্যাপসটি শিগগিরই ছাড়া হচ্ছে বলে দুদক কর্মকর্তা জানান।
অ্যাপসটিতে দুদকের তফসিলভুক্ত অপরাধের বিস্তারিত বিবরণ ও দুর্নীতির অভিযোগ দায়েরসহ বিভিন্ন সুবিধা রাখা হয়েছে। ইতোমধ্যে দুদকের অনুমোদনক্রমে অ্যাপস তৈরির কাজ শেষ শেষ করা হয়েছে। চলছে পরীক্ষামূলক ব্যবহার। বিষয়টি দুদকের ঊর্ধ্বতন সূত্র নিশ্চিত করেছে।
দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, সফটওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোডেক্স (CODEX) অ্যাপসটি তৈরি করেছে। এখন সেটির পরীক্ষামূলক ব্যবহার চলছে।
অ্যাপসটিতে অভিযোগ প্রক্রিয়াকরণের পদ্ধতি উল্লেখ, সহজে অভিযোগ করার সেই সুবিধা রাখা, অভিযোগ যথাস্থানে পৌঁছানো, নিয়মিত হালনাগাদ তথ্য সংযোজন ও সংশোধন করার সুযোগ, সব মহাপরিচালকের সমন্বয়ে একটি ডেমো প্রদর্শনীর ব্যবস্থা করা, অনুসন্ধান ও তদন্ত সেকশনের তফসিলভুক্ত অপরাধের তালিকা হালনাগাদ করাসহ মোট ২৫টি বিষয়ে কর্মকর্তারা তাদের মতামত তুলে ধরেন।
দুদক সূত্রে জানা যায়, অ্যাপসটিতে দুদকের তফসিলভুক্ত অপরাধের বিস্তারিত বিবরণ দেয়া থাকবে, যাতে অ্যাপস ব্যবহাকারী জানতে পারেন দুদক কি কি অপরাধ নিয়ে অনুসন্ধান ও তদন্তকাজ পরিচালনা করে। এর ফলে অভিযোগকারী দুদকের তফসিলভুক্ত যে কোন অপরাধ বা দুর্নীতির অভিযোগ জানাতে পারবেন।
কিভাবে অ্যাপসটি ব্যবহার ও অভিযোগ দায়ের করবেন
যে কোন স্মার্ট ফোন থেকে গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপসটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরই অভিযোগকারীর অভিযোগের বিষয়, নাম, ফোন নম্বর ও ইমেইল আইডি লিখবেন। চাইলে অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র সংযুক্ত করা যাবে। এমন কি যে কোন অভিযোগের ভিডিও ডকুমেন্টও সংযুক্ত করা যাবে। তবে অভিযোগকারী যদি চান পরিচয় গোপন করেও অভিযোগ দাখিল করতে পারবেন। অ্যাপসটিতে সে সুবিধা রাখা হয়েছে। অভিযোগ গ্রহণ করার সঙ্গে সঙ্গে অভিযোগকারীর কাছে সংক্রিয়ভাবে অভিযোগ গ্রহণ করা হয়েছে, এই মর্মে একটি বার্তা পৌঁছে যাবে।
দুদক সূত্রে জানা যায়, অ্যাপসে দায়ের করা অভিযোগ সরাসরি দুদক চেয়ারম্যান দেখতে পাবেন। তিনি দেখার পরপরই তা অভিযোগ যাচাই-বাছাই সেলে পাঠিয়ে দেবেন। যদি দায়ের করা অভিযোগ দুদকের তফসিলভুক্ত ও যথেষ্ট তথ্য-প্রমাণ সমৃদ্ধ হয় তাহলে যাচাই-বাছাই সেল অভিযোগ আমলে নিয়ে কমিশনের কাছে হস্তান্তর করবে। এরপর শুরু হবে অনুসন্ধান।
এ বিষয়ে দুদকের সিস্টেম অ্যানালাইসিস্ট রাজিব হাসান বলেন, দুদক অটোমোশনের আওতায় এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। দুদক অ্যাপসের সার্বিক তত্ত্বাবধায়নের দায়িত্ব আমাকে পালন করতে হবে। আশা করছি, অ্যাপসটি মানসম্মত হবে। এর মাধ্যমে অভিযোগেকারীর হয়রানি অনেকাংশে কমে যাবে।
দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল বলেন, দুদকের সেবা মানুষের কাছে সহজে পৌঁছে দেয়ার জন্য এই অ্যাপস চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এটি এখনো চূড়ান্ত করা হয়নি। বর্তমানে পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে। যখনই ব্যবহার উপযোগী হবে তখনই এটি সবার জন্য উন্মুক্ত করা হবে।

Be the first to comment on "এখন থেকে ঘরে বসেই দুদকে অভিযোগ করতে পারবেন"