নিউজ ডেস্ক : ভিলেন থেকে এবার হিরোতে পরিণত হলেন সের্হিও রামোস। সেই সঙ্গে ভুললেন সোভিয়ার বিপক্ষে আত্মঘাতী গোলের আক্ষেপ। শনিবার রাতে মালাগার বিপক্ষে জোড়া গোল করে টানা দুই ম্যাচ হারা রিয়ালকে জয়ের পথে ফিরিয়েছেন এই স্প্যানিশ ডিফেন্ডার। শনিবার সান্তিয়াগো বের্নাবেউয়ে স্থানীয় সময় বিকালে লা লিগার ম্যাচটি ২-১ গোলে জিতেছে রিয়াল। মালাগার একমাত্র গোলটি করেন হুয়ান আনোর।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণে ছিল রিয়াল। কিন্তু সহজ দুটি সুযোগ হাতছাড়া করায় আক্রমণের ফল আসেনি। শুধু রিয়াল নয়, মালাগাও সুযোগ মিস করে একাধিকবার। এরপর ৩৫তম মিনিটে রামোসের আবির্ভাব। জার্মান মিডফিল্ডার ক্রুসের কর্নার থেকে জোরালো হেডে বল জালে জড়ান স্পেনের এই ডিফেন্ডার।
৮ মিনিট পর রামোসের পায়ে আবার গোল! বাঁ-দিক থেকে ক্রুসের দারুণ বাঁকানো ফ্রি-কিক ছয় গজ বক্সে পেয়ে আলতো ছোঁয়ায় বল জালে জড়ান এই মিডফিল্ডার। এবারের লিগে রিয়াল অধিনায়কের মোট গোল হলো ৬টি।
৬৩তম মিনিটে গোল খেয়ে বসে রিয়াল। বাঁ-দিক থেকে কাস্ত্রোর শট নাভাস প্রতিহত করলেও ফিরতি শটে বল জালে পাঠান ভেনেজুয়েলার মিডফিল্ডার হুয়ান আনোর। এরপর আরও দুটি করে সুযোগ মিস করে মালাগা এবং রিয়াল। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় জয়ীর বেশেই মাঠ ছাড়ে রিয়াল। এই জয়ে ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। তৃতীয় স্থানে বার্সেলোনা।

Be the first to comment on "এবার জোড়া গোল করে রিয়ালকে জেতালেন রামোস"