নিউজ ডেস্ক : স্কোর বোর্ডে যদি নেইমারের নাম যুক্ত হতো তবে শিরোনামে থাকত ‘এমএসএন’। নেইমারের নাম যুক্ত না হলেও তেমন কোনো ক্ষতি হয়নি বার্সার।
মেসি-সুয়ারেসের গোলেই এসপানিওলের বিপক্ষে জয় তুলে নিয়েছে লুই এনরিকের শিষ্যরা। রবিবার রাতে ৪-১ গোলের এই জয়ে ৩৪ পয়েন্ট নিয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান কমাল বার্সেলোনা।
ক্যাম্প ন্যু তে ম্যাচের শুরু থেকেই বার্সেলোনা চেপে ধরে প্রতিপক্ষকে। সপ্তম মিনিটে সুপারস্টার মেসি স্বয়ং গোল মিস করলে এগিয়ে যেতে পারেনি বার্সা। এরপর আরও কয়েকটি সুযোগ মিস করেন মেসি। তবে ১৮তম মিনিটে সুয়ারেস এগিয়ে দেন দলকে। আন্দ্রেস ইনিয়েস্তার দারুণ পাসে উরুগুয়ের স্ট্রাইকারের কোনাকুনি শটে উল্লাসে মাতে গ্যালারি।
২৯তম মিনিটে অল্পের জন্য আবারও গোল মিস করেন মেসি। দ্বিতীয়ার্ধের শুরুতে মেসির দারুণ পাসে বল জালে পাঠাতে ব্যর্থ হন সুয়ারেস। ৬৭তম মিনিটে মেসির শট গোলরক্ষক কোনোমতে ঠেকিয়ে দিলেও ফিরতি শটে সুযোগ কাজে লাগাতে ভুল করেননি সুয়ারেস। ছুটে এসে বাঁ পায়ের শটে ব্যবধান বাড়ান তিনি।
৬৯তম মিনিটে আবার বলের নিয়ন্ত্রণ নেন জাদুকর মেসি। এবারও শেষ মুহূর্ত নিয়ন্ত্রণ হারিয়ে বল পাঠান জর্দি আলবার কাছে। স্প্যানিশ ডিফেন্ডারের জোরালো শটে স্কোর লাইন হয়ে যায় ৩-০। এরপর ৭৯তম মিনিটে গোল করে ব্যবধান কমান এসপানিওলের দাভিদ লোপেস। ৮৬তম মিনিটে আবারও গোল মিস করেন মেসি। তবে ৪ মিনিট পরই গোলের দেখা পান আর্জেন্টাইন সুপারস্টার। মাপা শটে গোলরক্ষকের দুই পায়ের মাঝ দিয়ে বল জালে পাঠান তিনি।
১২টি করে গোল করে লিগে যৌথভাবে সর্বোচ্চ গোল এখন মেসি ও সুয়ারেসের।

Be the first to comment on "‘এমএস’ নৈপুণ্যে বার্সার উল্লাস"