নিউজ ডেস্ক : কানের পাশ দিয়ে গুলি চলে যাওয়া বুঝি একেই বলে! হারতে বসেছিল রিয়াল মাদ্রিদ। শেষ মুহূর্তের নাটকে দুই গোল করে হারিয়েছে স্পোর্টিং লিসবনকে। এবারের চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা বর্তমান চ্যাম্পিয়নদের জন্য হলো আতঙ্ক জাগানিয়া। দলকে রক্ষা করা ক্রিস্তিয়ানো রোনালদো তাই হুশিয়ারি দিলেন। বললেন, ২-১ গোলের জয়ের এই ম্যাচ সতর্ক বার্তা। উন্নতি না করলে সামনে দুঃখ আছে রিয়াল মাদ্রিদের কপালে। তবে এই ম্যাচে বাল্যকালের দলের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ গোল করার পরও উদযাপন করেননি রোনালদো।
“এটা আমাদের জন্য সতর্ক বার্তা। আমরা বুঝতে পারলাম এমন আলগোছে কোনো ম্যাচ আমাদের আর শুরু করা যাবে না। কারণ, আমরা এমনটা করলে অন্যরা আমাদের বোকা বানিয়ে ছাড়বে-” নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে কঠিন ম্যাচের পর বলেছেন রোনালদো।
৩বারের ফিফা বিশ্ব বর্ষসেরা ফুটবলার রোনালদো ৮৯ মিনিটে করেছেন সমতা আনা গোল। বিরতির পর ব্রুনো সিজারের গোলে পর্তুগালের ক্লাবটি লিড নিয়েছিল। আর স্টপেজ টাইমে আলভারো মোরোতার গোল জিতিয়েছে রিয়ালকে।
প্রত্যেক গোলের পর রোনালদোর উদযাপন থাকে। একেক সময় একেক রকম। কিন্তু স্পোর্টিংয়ের হাত থেকে জেতা ম্যাচ কেড়ে নেওয়া গোল করেও উদযাপন করেননি। ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে দুবারের দেখায় দুবারই গোল করেছিলেন স্পোর্টিংয়ের বিপক্ষে। রিয়ালের হয়ে প্রথম দেখায়ও করলেন। মাত্র ১২ বছর বয়সে এই ক্লাবে ফুটবলার হতে গিয়েছিলেন রোনালদো, ১৮ বছর পর্যন্ত ছিলেন ওখানেই। যে ক্লাব তাকে ফুটবলার বানিয়েছে, একদিন বিশ্ব সেরা হওয়ার পথ করে দিয়েছে সেই স্পোর্টিংয়ের বিপক্ষে উৎসব করা সাজে? অতীত তো আর ভুলে যেতে পারেন না রোনালদো। তাই এমন দামী গোলের পরও নেউ কোনো উদযাপন। আছে স্পোর্টিংয়ের জন্য সম্মান।
“ওটা গুরুত্বপূর্ণ গোল ছিল। খেলা তো প্রায় শেষই হয়ে গিয়েছিল। এক মিনিট বাকি ছিল। আমরা এমন দলের বিপক্ষে খেলেছে যাদের খেলা আমাকে অবাক করেনি। তারা ভালো খেলতে চেয়েছে। আমাদের জন্য সব কঠিন করে দিতে চেয়েছে-” স্পোর্টিংয়ের জন্য সমীহ নিয়ে কথা শেষ করেন রোনালদো।
এমন গোলও উদযাপন করলেন না রোনালদো!

Be the first to comment on "এমন গোলও উদযাপন করলেন না রোনালদো!"