নিউজ ডেস্ক : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় জড়িত সন্দেহে জামায়াত-শিবিরের আরো ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার বিভিন্ন এলাকায় মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ২৪ দিনে ১১৬ জনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে মোট ১২০ জনকে গ্রেপ্তার করা হলো। এর মধ্যে এ পর্যন্ত ১২জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান পরিবর্তন বলেন, গ্রেফতাররা জামায়াত শিবিরের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে নাশকতা মামলায় গ্রেফতারি পরোয়ানাসহ একাধিক মামলা রয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি। এমপি লিটন হত্যায় জড়িত সন্দেহে তাদের গ্রেফতার করা হয়েছে। দুপুরের মধ্যে তাদের গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।
অপরদিকে গ্রেপ্তারদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে একাধিকবার যোগাযোগ করা হলে সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ইউনুস আলীর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। গত ১ ডিসেম্বর সন্ধ্যা পৌনে ৬টার দিকে সুন্দরগঞ্জের সাহাবাজ গ্রামের মাস্টারপাড়ার নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন এমপি লিটন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

Be the first to comment on "এমপি লিটন হত্যা, আরো ৬ সন্দেহভাজন গ্রেপ্তার"