শিরোনাম

এমপি সেলিমের বিচার চেয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মসূচি

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জে এক প্রধান শিক্ষককে নির্যাতন-লাঞ্ছিত করার প্রতিবাদ ও স্থানীয় সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমানের বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছেন দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হবে বলে বুধবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত শুক্রবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে মারধর করে একদল লোক। পরে তাকে কান ধরিয়ে উঠ-বস করান স্থানীয় সাংসদ সেলিম ওসমান।

দেশজুড়ে ওই ঘটনার প্রতিবাদ ও দোষীদের বিচার দাবির মধ্যেই মঙ্গলবার সেই শিক্ষককে চাকরিচ্যুত করে স্কুল কর্তৃপক্ষ।

এ ঘটনায় এর আগে এক বিবৃতিতে জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম ওসমানসহ জড়িত অন্যদের ক্ষমা চাওয়ার আহ্বান জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।

ওই শিক্ষককে চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়ে বুধবার ১৪ দল বলেছে, ওই কাজ করে সেলিম ওসমান সাংসদ পদের মর্যাদা ক্ষুণ্ন করেছেন।

এছাড়া এ ঘটনায় সাংসদ সেলিম ওসমানের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না এক রুল দিয়ে তাও জানতে চেয়েছে হাই কোর্ট।

এর মধ্যেই বৃহস্পতিবার প্রতিবাদী মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।

ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার নির্ধারিত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে শিক্ষকরা মানববন্ধন করবেন বলে আরেক বিবৃতিতে জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক এএসএম মাকসুদ কামাল।

শিক্ষক লাঞ্ছনার এ ঘটনায় এর আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ দেশের বিভিন্নস্থানের শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীরা কান ধরে দাঁড়িয়ে এ ঘটনার প্রতিবাদ জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিবাদে সরব অনেকেই।

ইতোমধ্যে শিক্ষামন্ত্রীর নির্দেশে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ঘটনা তদন্তে একটি কমিটি করেছে।

basic-bank

Be the first to comment on "এমপি সেলিমের বিচার চেয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মসূচি"

Leave a comment

Your email address will not be published.


*