নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরের রূপপুরে জঙ্গিবিরোধী অভিযানে নিহত জঙ্গি মুরাদের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র না আসায় লাশের ময়নাতদন্ত শুরু হয়নি। দুপুর নাগাদ ময়নতদন্ত শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ।
তিনি বলেন, ‘আমরা এখনও কাগজপত্র হাতে পাইনি। কাগজপত্র পাওয়ার পর দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা নাগাদ কাজ শুরু করবো।’
শুক্রবার রাত ২টা ২৫ মিনিটে রূপনগরের আবাসিক এলাকার ৩৩ নম্বর সড়কের ৩৪ নম্বর বাড়ি থেকে জঙ্গি মুরাদের মরদেহ নিয়ে যায় পুলিশ। রাত তিনটা ১০ মিনিটে মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে পৌঁছায়।
ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নিহত জঙ্গি মুরাদ ওরফে জাহাঙ্গীর ওরফে ওমর নব্য জেএমবির সামরিক শাখার প্রশিক্ষক ছিল। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে সে নিহত হয়।
নিহত হওয়ার আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে জঙ্গি মুরাদ পিস্তল হাতে গুলি করতে করতে তার আস্তানা থেকে পালানোর চেষ্টা করে। এ ছাড়া ছুরিকাঘাত করে পুলিশের চার সদস্যকে আহত করে সে। আহত পুলিশ সদস্যদের স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাগজপত্র পাওয়ার পরই মুরাদের ময়নাতদন্ত শুরু হবে

Be the first to comment on "কাগজপত্র পাওয়ার পরই মুরাদের ময়নাতদন্ত শুরু হবে"