নিউজ ডেস্ক : কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অজ্ঞাত পরিবহনের সাথে ও মুরগিবোঝাই একটি পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার দয়াপুরসংলগ্ন অ্যাডভান্স ফিলিং স্টেশনের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
অপর দিকে কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকায় নিহত হয়েছে এক মোটরসাইকেল আরোহী।
নিহতরা হলেন পিকআপ ভ্যানের চালক মৌলভীবাজারের লামিয়া গ্রামের ক্ষিতিস দাসের ছেলে সুমন দাস (৩২), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বালিধারা গ্রামের মাহমুদ মিয়ার ছেলে ইকবাল হোসেন (২০), একই উপজেলার আদনা গ্রামের এরশাদ মিয়ার ছেলে আয়নাল হোসেন (২২) এবং আয়নালের ভাই মনসুর (১৮)।
কুমিল্লা ময়নামতি হাইওয়ে ক্রসিং ফাঁড়ির এসআই মোহাম্মদ হানিফ জানান, জেলার সদর দক্ষিণ উপজেলার দয়াপুরের কাছে অ্যাডভান্স সিএনজি স্টেশনের সামনে ঢাকাগামী একটি মুরগিরবোঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি অজ্ঞাত পরিবহনের সাথে বেপোয়ারা গতিতে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে পিকআপ ভ্যানের চালকসহ চারজন নিহত হন। দুর্ঘটনার পর অজ্ঞাত পরিবহনটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ঘটা এ ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় পিকআপ ভ্যানটি। লাশগুলো ময়নামতি হাইওয়ে থানায় লাখা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর উপজেলার কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় সিলেট থেকে কুমিল্লাগামী একটি পাথরবাহী ট্রাকের চাপায় বিপরীতগামী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহী নিহত হন।
ময়নামতি হাইওয়ে ক্রসিং ফাঁড়ি ওসি মাহাবুবুর রহমান জানান, সকাল সাড়ে ৯টায় ক্যান্টনমেন্ট এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী মারা যায়। তিনি খাগড়াছড়ির জেলার রামগরের আবু তাহেরের ছেলে মো. আজগর (২০)।

Be the first to comment on "কুমিল্লার সড়কে ঝরল ৫ প্রাণ"