নিউজ ডেস্ক : ঈদ-উল-আযহার ছুটির সঙ্গে যোগ হয়েছে সাপ্তাহিক দুই দিনের ছুটি। যেন সোনায় সোহাগা। আর এ সুবর্ণ সুযোগকে পুরোপুরি কাজে লাগিয়েছেন প্রকৃতি ও বিনোদন প্রেমী মানুষ। ছুটে এসছেন কুয়াকাটায়। যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে অনেক সহজতর হওয়ায় কুয়াকাটায় গতকাল বুধবার থেকে পর্যটক-দর্শনার্থীর ঢল নেমেছে। সর্বত্র এখন এদের পদচারনায় মুখরিত হয়ে আছে। হোটেল-মোটেলগুলোতে ৮০ ভাগ সিট আগেই বুক্ড হয়ে গেছে। ঈদের উপভোগ্য আলাদা। অধিকাংশই পারিবারিকভাবে আসা পর্যটক। তবে সকাল-সন্ধ্যা সৈকতে অবস্থান করা অধিকাংশ পর্যটক-দর্শনার্থীরা স্থানীয়। ঈদের সুযোগে একসঙ্গে সবাই আমুদে সময় কাটাতে সূর্যোদয়-সূর্যাস্তের মনোলোভা, বিরল দৃশ্য উপভোগের স্থান কুয়াকাটায় বেড়ানোর সুযোগকে কেউ হাতছাড়া করতে চাইছেন না। কুয়াকাটা সৈকতের তিন বর্গকিলোমিটার এলাকাজুড়ে এখন পর্যটকে ঠাঁসা রয়েছে। এদের পদচারনায় সর্বত্র মুখরিত। কেউ সাগরে উত্তাল ঢেউয়ের সঙ্গে মাতামাতিতে ব্যস্ত হয়ে আছেন। ঘন্টার পর ঘন্টা সাগরকে যেন উপভোগ করছেন নিজের মতো করে। পরিবার-পরিজন, স্বজনকে নিয়ে এক রোমান্থকর সময় পার করছেন বহুজনে। নিশ্চিদ্র নিরাপত্তা নিয়ে আগতরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। কুয়াকাটা ট্যুরিস্ট-নৌ এবং মহিপুর থানা পুলিশসহ একাধিক গোয়েন্দা সংস্থা তৎপর রয়েছেন বলে সংশ্লিষ্ট সুত্র নিশ্চিত করেছে। শুধু কুয়াকাটা নয় কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের তিন নদীতে শেখ কামাল-জামাল-রাসেল সেতুতে বিকেল থেকে বিনোদনপ্রেমী মানুষের পদভারে মুখরিত থাকছে। ছুটছে মানুষ পায়রা সমুদ্র বন্দরে। মোট কথা পর্যটন কেন্দ্র এবং বিনোদন কেন্দ্র সমৃদ্ধ কলাপাড়ার বিভিন্ন দর্শনীয় প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত স্পটে ঈদের ছুটিতে পর্যটক-দর্শনার্থীর উপচে পড়া ভিড় লেগে আছে। আরও দুইদিন এ ভিড় থাকবে বলে সবার ধারনা।
কুয়াকাটায় পর্যটক-দর্শনার্থীর উপচেপড়া ভিড়

Be the first to comment on "কুয়াকাটায় পর্যটক-দর্শনার্থীর উপচেপড়া ভিড়"