নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এক সদস্যকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল-২ বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত হলেন- জেলার সদর উপজেলার জোহুরপুর বকরিপাড়ার দুরুল হোদার ছেলে মো. সেলিম ওরফে হারুন মিস্ত্রি (৩৪) ।
চাঁপাইনবাবগঞ্জ জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা মামলার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, র্যাব-৫ রাজশাহীর ক্যাম্পের একটি দল ২০০৯ সালের ৭ জুলাই জোহুরপুর বকরি পাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে জেএমবির সক্রিয় সদস্য সেলিম ওরফে হারুন মিস্ত্রীকে আটক করে।
এ সময় তার কাছ থেকে ১টি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী পরদিন ওই এলাকায় সেলিমের শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে একটি ঘরের পাশের মাটির নিচ থেকে লুকানো অবস্থায় ৬টি ওয়ান শুটার গান ও ১০টি গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাব-৫ রাজশাহীর এসআই আনোয়ার হোসেন বাদি হয়ে আটক তার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই শাহীন আকন্দ ঐ বছরের ৬ আগস্ট সেলিমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১৩ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার সেলিমের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
চাঁপাইনবাবগঞ্জে জেএমবি সদস্যের যাবজ্জীবন

Be the first to comment on "চাঁপাইনবাবগঞ্জে জেএমবি সদস্যের যাবজ্জীবন"