নিউজ ডেস্ক : আগামী মঙ্গলবার পহেলা অগ্রহায়ণ জাতীয় নবান্ন উৎসব ১৪২৩। উৎসব অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় ও ধানমণ্ডির রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চে। প্রথম অধিবেশনের অনুষ্ঠান শুরু হবে সকাল ৭টা ১ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত, শেষ হবে নবান্ন শোভাযাত্রার মধ্য দিয়ে। দ্বিতীয় পর্ব একযোগে শুরু হবে রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চ ও চারুকলার বকুলতলায় বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। এ বছরের উৎসবের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে জাতীয় নবান্নোৎসব উদযাপন পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। লিখিত বক্তব্য উপস্থাপন করেন পর্ষদের আহ্বায়ক শাহরিয়ার সালাম।
লিখিত বক্তব্যের তিনি সকলকে হিংসা বিদ্বেষ ভুলে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে নবান্ন উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, উন্নত দেশগুলোতে যেখানে নবান্ন উৎসব রাষ্ট্রীয়ভাবে আয়োজন হয়, সেখানে আমাদের দেশ কৃষিপ্রধান দেশ হওয়া সত্ত্বেও নবান্ন উৎসব রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হয় না। তাই আবারো পহেলা অগ্রহায়ণে সরকারি ছুটি ঘোষণা করে এই উৎসব রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানাই। উৎসবে সংগীত, নৃত্য, আবৃত্তি, নবান্ন শোভাযাত্রা, আদিবাসী পরিবেশনাসহ বিভিন্ন পরিবেশনা থাকবে। থাকবে ঢাক-ঢোলের বাদন আর মুড়ি-মুড়কি-বাতাসা ও পিঠার আয়োজন। সকলের জন্য উন্মুক্ত নবান্ন উৎসব।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারপারসন লায়লা হাসান, কো-চেয়ারপারসন শুভ রহমান, কাজী মদিনা, মানজার চৌধুরী সুইট, ল্যাবএইডের কর্মকর্তা সাইফুর রহমান লেনিন, পর্ষদের যুগ্ম আহ্বায়ক নাঈম হাসান সুজা, সদস্য আবুল ফারাহ পলাশ, এনামুল লতিফ, আলোক বসু, জসিমউদ্দিন হূদয়, অনিকেত আচার্য প্রমুখ। নবান্ন উৎসব উদ্যাপনে সহযোগিতা করবে ল্যাবএইড।

Be the first to comment on "জাতীয় নবান্ন উৎসব মঙ্গলবার"