নিউজ ডেস্ক : সাঙ্গাকারা, জয়াবর্ধনের সেই শ্রীলঙ্কা আর নেই। একটি যুগের অবসান হয়ে নতুন মুখ দিয়ে নতুন যুগের সূচনা হচ্ছে শ্রীলঙ্কান ক্রিকেটে। এমন একটি সময়ে বাংলাদেশ গেছে সিরিজ খেলতে। অনভিজ্ঞ লঙ্কান দলের অধিনায়ক ওয়ানডেতে বাংলাদেশকে সমীহ করলেও টেস্টে ততটা করছেন না। বলেছেন, টেস্টে আরও অনেক পথ পাড়ি দিতে হবে মুশফিকদের। তবে মুশফিকরা তাদের জন্য ‘চ্যালেঞ্জ’ হবে- এটা নির্দ্বিধায় স্বীকার করে নিলেন রঙ্গনা হেরাথ।
হেরাথ বলেছেন, “ওরা উন্নতি করেছে সন্দেহ নেই, তবে এখনও অনেক কাজ বাকি। আমার মতে, টেস্টে এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে ওদের। ওদের জন্য একটা ভালো ব্যাপার হলো, ব্যাটিং লাইন আপ বেশ অভিজ্ঞ। আমাদের জন্য তাই চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ”
বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত ১৬টি টেস্ট খেলেছে শ্রীলঙ্কা। যার মধ্যে ১৪টিতেই জয় পেয়েছে তারা। এর মধ্যে ৮টিতেই ইনিংস ব্যবধানে জয়। বাকি জয়গুলো ৪৬৫ রান, ২৮৮ রান, ১০ উইকেট কিংবা ৮ উইকেটের বিশাল ব্যবধানে। ২টি ম্যাচ ড্র হয়েছে। বেশিরভাগ ম্যাচেই লড়াই করতে পারেনি টাইগাররা। তবে এবার লড়াইয়ের পাশাপাশি লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা। যার কারণ, শ্রীলঙ্কার আনকোরা টেস্ট দল। এদিক দিয়ে অনেকটাই গোছানো বাংলাদেশ টেস্ট দলকে নিয়ে কী ভাবছে শ্রীলঙ্কা?
লঙ্কান দলপতি বললেন, “আমি বলব শ্রীলঙ্কা সফরে আসা বাংলাদেশের সেরা দল এটিই। কয়েক মাস আগেই ওরা ইংল্যান্ডকে হারিয়েছে। যদিও তার পর ফর্ম খুব ভালো যায়নি, নিউজিল্যান্ড ও ভারতে হেরেছে। ”
সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় টেস্ট ও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশড হয়েছে শ্রীলঙ্কা। তবে দেশের মাটিতে সবশেষ সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করেছিল লঙ্কানরা। সেই সিরিজ থেকেই আত্মবিশ্বাস খুঁজছে শ্রীলঙ্কা। আর বাংলাদেশ মোটামুটি থিতু হওয়া দল নিয়ে লঙ্কা বধের প্রহর গুনছে।

Be the first to comment on "টেস্টে বাংলাদেশকে বিপজ্জনক ভাবছে না শ্রীলঙ্কা"