নিউজ ডেস্ক : ঢাকার আশকোনায় শনিবারের জঙ্গিবিরোধী অভিযানে নারীদের চরমপন্থায় সম্পৃক্ত হওয়ার উদাহরণ এবং আত্মঘাতী বেল্টের ব্যবহার প্রধান দুটি উদ্বেগজনক বিষয় হিসেবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন।
বিবিসির সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ঢাকার আশেপাশেই তাদেরকে (জঙ্গিদের) এখন সংগঠিত হতে দেখা যাচ্ছে”।
ঢাকাকে কেন্দ্র করে জঙ্গিদের সংগঠিত হবার চেষ্টা করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মি. হোসেন বলেন, “যখনই এ ধরনের কর্মকাণ্ড হয়, তখনই ফোকাস থাকে যে যেই জায়গাটায় এ ধরনের কর্মকাণ্ড চালালে সেটা আন্তর্জাতিক খবরে পরিণত হবে এবং আন্তর্জাতিকভাবে প্রতিক্রিয়া তৈরি করবে। জঙ্গি সংগঠনগুলোর টার্গেট সব মসময়ই থাকে যে জায়গা থেকে তারা সবচেয়ে বেশি প্রোপাগান্ডা ভ্যালুটা তারা পাবে”।
ঢাকাকে ‘আনম্যানেজেবল সিটি’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এখানে নিয়ন্ত্রণ করাটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্যও বেশ কঠিন।
শনিবার ঢাকার আশকোনায় একটি বাড়িতে পুলিশের অভিযানে একজন নারী আত্মঘাতী জঙ্গি নিহত হয় এবং পুলিশের সাথে গোলাগুলির পর অপর এক কিশোরও নিহত হয়।
মি. হোসেন বলেন, জঙ্গি সংগঠণগুলোর ওপর চাপ পড়ার কারণে তারা এখন একটি ভিন্ন কৌশল অবলম্বনের চেষ্টা করছে। নতুন করে সংগঠিত হওয়া, অস্ত্র সংগ্রহ এবং প্রশিক্ষণের বিষয়টিই তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে তিনি মনে করছেন।
“নতুনভাবে আবার কিছু তরুণ যাদেরকে বলা হচ্ছে হারিয়ে গেছে, তাদের হদিস কিন্তু পুলিশ এখন পর্যন্ত পায়নি। এ সমস্ত বিষয় কিন্তু একটি ইন্ডিকেশন যে, এই সময়টাতে আবার তারা নতুনভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করছে তাতে কোনো সন্দেহ নেই”।
সম্প্রতি ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং চাকরিজীবীসহ অন্তত ছয়জন তরুণ নিখোঁজ হয়। পুলিশের সন্দেহ, তারা উগ্রপন্থার দিকে ঝুঁকে পড়ে বাড়ি ছাড়তে পারে।
সূত্র : বিবিসি বাংলা

Be the first to comment on "ঢাকার আশপাশেই এখন জঙ্গিরা সংগঠিত হচ্ছে"