নিউজ ডেস্ক : ক্যারিয়ারের শুরুতে এই নিউজিল্যান্ড থেকেই ইনজুরি নিয়ে দেশে ফিরেছিলেন মাশরাফি বিন মুর্তজা। ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আবারও তাকে ইনজুরি নিয়েই দেশে ফিরতে হচ্ছে।
প্রাথমিকভাবে খারাপ কিছু মনে না হলেও হাসপাতালে স্ক্যান করে দেখা গেছে টাইগার ক্যাপ্টেনের হাতে ফ্র্যাকচার ধরা পড়েছে। তবে কত দিন মাশরাফিকে বাইরে থাকতে হবে, অস্ত্রোপচার লাগবে কি না তা এখনও জানা যায়নি।
১৮তম ওভারে মাশরাফির দ্বিতীয় বলে হার্ডহিট করেন কোরি অ্যান্ডারসন। কিন্তু বলটি তার ডানহাতের আঙুলে লাগে। ব্যথায় কারণে ওভার আর শেষ করতে পারেননি। মাঠ ছাড়তে হয় ম্যাশকে। তার অসমাপ্ত ওভার শেষ করেন মোসাদ্দেক হোসেন।
মাঠ ছাড়ার পর ড্রেসিংরুমে বরফ দেওয়া হয় তার হাতে। তখন প্রাথমিকভাবে ফিজিও জানিয়েছিলেন, বড় কোনো শংকা নাও থাকতে পারে। কিন্তু নিশ্চিত হতে হাসপাতালে গিয়েই পাওয়া যায় দুঃসংবাদটি। স্ক্যানের পর মাশরাফির ডান হাতের কব্জিতে চিড় ধরা পড়েছে। আর স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে প্লাস্টার করা হয়েছে। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে কথা বলার সময় হাতে ব্যান্ডেজ বেঁধে আসেন মাশরাফি।
ছোট সংস্করণের সিরিজ শেষে সামনে এখন কেবল দুটি টেস্ট। টেস্টে অনেকদিন ধরেই খেলছেন না মাশরাফি। তাই দেশেই ফিরতে হচ্ছে। কিন্তু খেলোয়াড়ী জীবনে আরও একবার চোট পেতে হলো সাতবার অপারেশন টেবিলে যাওয়া এই হার না মানা ক্রিকেটারকে। এর আগে প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।

Be the first to comment on "দুঃসংবাদ! মাশরাফির ডানহাতে ফ্র্যাকচার!"