মাহবুব,নড়াইল প্রতিনিধি : নড়াইলে জিআর, টিআর, কাবিটা কাবিখা, এলজিএসপি, থোক বরাদ্দ প্রকল্পের কোটি কোটি টাকা আত্মসাত, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় নড়াইল ক্লাব হল রুমে এ্যাড: বনমালী মিত্রের সভাপতিত্বে “দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বনমালী মিত্রকে আহবায়ক ও কাজী ইসমাইল হোসেন লিটনকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট একটি “দুর্নীতি বিরোধী গণপ্রতিরোধ কমিটি” গঠন করা হয়েছে।
অন্যান্যের মধ্যে এই সভায় বক্তব্য রাখেন শিক্ষাবিদ মো: ইউসুফ আলী, জেলা জাসদের সভাপতি এ্যাড: হেমায়েতুল্লাহ হিরু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির এ্যাড: নজরুল ইসলাম, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন, লোহাগড়া উপজেলা আ’লীগের সভাপতি শিকদার আব্দুল হান্নান রুনু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এ্যাড: এসএ মতিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও নড়াইলকণ্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, এ্যাড: রবীন্দ্র নাথ বিশ্বাস, সদর উপজেলা নারী ভাইস চেয়ারম্যান স্বপ্না সেন, সাবেক নোয়াগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ফয়জুল হক রোম, জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক আফরোজা খানম, সাংবাদিক সাইফুল ইসলাম তুহিন, অবসরপ্রাপ্ত শিক্ষক আঞ্জুমান আরা, পিআইসি আকবর মোল্যা, কাশিপুর ইউপি সদস্য আব্দুল অহেদ শেখ প্রমুখ।
সভায় বক্তারা প্রামান্য দলিলাদি উপস্থাপন করে বলেন, লোহাগড়ায় জিআর, টিআর, কাবিটা কাবিখা, এলজিএসপি, থোক বরাদ্দ প্রকল্পে বরাদ্দকৃত কোটি কোটি টাকা কোন কাজ না করে একটি গোষ্ঠি লুটপাট করেছে। বক্তাগণ সম্মিলিত ভাবে এর প্রতিবাদ করার আহবান জানান। উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দোষীদের বিচারের আওতায় আনার জন্য জোর আন্দোলন জারি রাখার পক্ষে মত দেন এবং ১৫ সদস্য বিশিষ্ট “দুর্নীতি বিরোধী গণপ্রতিরোধ কমিটি” নামে একটি কমিটি অনুমোদন করেন।
উল্লেখ্য, শুধুমাত্র লোহাগড়া উপজেলায় জিআর প্রকল্প থেকে ওয়াজ মাহফিল ও নামযজ্ঞের আহার্যের জন্য বরাদ্দকৃত ৩৩৯১ মেট্রিক টন চাল (নয় কোটি উননব্বই লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশত আটানব্বই টাকা), একই উপজেলায় কাবিটার ৫৯ টি প্রকল্পের প্রায় দশ কোটি টাকা সহ জেলার তিন উপজেলায় সর্বমোট প্রায় ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

Be the first to comment on "নড়াইলে দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্টিত"