নিউজ ডেস্ক: পাবনায় ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডে হত্যায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে, যিনি ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে জড়িত বলে পুলিশের ভাষ্য।
শনিবার রাত ১১টার দিকে চর ঘোষপুর থেকে আরিফুল ইসলাম নামে ৩০ বছরের ওই যুবককে আটক করা হয় বলে পাবনা সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান জানান।
ওসি বলেন, আরিফুল শহরের চর ঘোষপুর এলাকার আবুল কাশেমের ছেলে। ওই এলাকার ইসার শিল্পী মসজিদের ইমাম তিনি।
শুক্রবার সকালে পাবনা মানসিক হাসপাতালের প্রধান ফটকে ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডেকে (৬০) কুপিয়ে হত্যা করা হয়।
নিত্যরঞ্জন গোপালগঞ্জ সদরের আরুয়া কংশু গ্রামের মৃত রসিক লাল পাণ্ডের ছেলে। তিনি প্রায় ৪০ বছর ধরে পাবনার ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমের সেবক ছিলেন।
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএস পাবনার এই হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করে বার্তা দিয়েছে বলে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানিয়েছে।
এ হত্যাকাণ্ডের ঘটনায় আশ্রমের সাধারণ সম্পাদক যুগল কিশোর ঘোষ শুক্রবার রাতে সদর থানায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করেন।
ওসি আব্দুল্লাহ বলেন, চর ঘোষপুরের একটি বাড়ি থেকে আরিফুলকে আটক করা হয়। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

Be the first to comment on "পাবনায় সেবক হত্যায় ‘শিবিরকর্মী’ আটক"