নিউজ ডেস্ক : সেবার মান বাড়াতে পাসপোর্ট অধিদপ্তরকে দালালমুক্ত করতে হবে বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, দালালদের জন্যই পাসপোর্ট অফিসের বদনাম হয়।
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের কার্যক্রমের ওপর দুদক আয়োজিত গণশুনানিতে দুদকের চেয়ারম্যান এসব কথা বলেন।
ইকবাল মাহমুদ বলেন, পাসপোর্ট অফিসে দুর্নীতি আছে, তবে আগের চেয়ে কমেছে। সব মিলিয়ে নাগরিকদের সেবা পাওয়ার কথা থাকলেও তা কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাতে পারেনি পাসপোর্ট অধিদপ্তর।
অনলাইনে চালু করার পর দুর্নীতি কিছুটা কমেছে উল্লেখ দুদক চেয়ারম্যান বলেন, ‘পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশনে হয়রানি হয়। তারা টাকা ছাড়া কাজ করে না। আমরা আশা করব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টা খতিয়ে দেখবে।’
ইকবাল মাহমুদ বলেন, এই গণশুনানির উদ্দেশ্য হচ্ছে জনগণ সরকারি প্রতিষ্ঠানে কী ধরনের সেবা পাবে আর সেবাদানকারী প্রতিষ্ঠান জনগণকে কী সেবা দেবে, সেগুলো জনগণ যেন জানতে পারে।
গণশুনানিতে দুদক কমিশনার (অনুসন্ধান) নাসিরউদ্দীন আহমেদ, কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ রিজওয়ানসহ দুদক ও পাসপোর্ট অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারি দপ্তরগুলোতে সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গণশুনানির আয়োজন করে থাকে দুদক। এর আগে ঢাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), সাব-রেজিস্ট্রার অফিসসহ একাধিক দপ্তর নিয়ে গণশুনানি করেছে সংস্থাটি। ঢাকার বাইরে ময়মনসিংহের মুক্তাগাছা, ঢাকার সাভার, কক্সবাজার, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় সংস্থার পক্ষ থেকে গণশুনানির আয়োজন করা হয়। এসব শুনানিতে ভুক্তভোগীরা তাঁদের অভিযোগ পেশ করেন। উপস্থিত সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অভিযোগ অনুসারে সমাধান বাতলে দেন। কোনোটিতে দেন সমাধানের প্রতিশ্রুতি।

Be the first to comment on "পাসপোর্ট অফিসকে দালালমুক্ত করতে হবে: দুদক চেয়ারম্যান"