শিরোনাম

পুলিশি কার্যক্রমে জনগণের অংশগ্রহন বাড়াতে হবে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক : জনগণের জানমালের নিরাপত্তা বিধান এবং সুষ্ঠু আইন-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে পুলিশ কর্মকর্তাদের আরও সতর্ক ও তৎপর থাকার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। সোমবার ২০১৬ সালের প্রথম ত্রৈ-মাসিক (জানুয়ারি-মার্চ) অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশ দেন তিনি। দিনব্যাপী অনুষ্ঠিত সভায় সকল পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, ঢাকায় পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানরা এবং পুলিশ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইজিপি শহীদুল হক বলেন, শুধুমাত্র মামলা নিয়ে, তদন্ত করে সমাজে অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ প্রতিরোধ জনগণ তথা কমিউনিটি পুলিশকে সম্পৃক্ত করতে হবে। পুলিশি কার্যক্রমে জনগণের অংশগ্রহন বাড়াতে হবে। প্রতিরোধমূলক পুলিশিংয়ের ওপর গুরুত্ব দিতে হবে।

আইজিপি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। জঙ্গি কার্যক্রম সম্পর্কে পুলিশকে সজাগ ও সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ভাড়াটিয়া, ভাসমান ও অস্থায়ী আগন্তুকদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে। তাদের সঠিক পরিচয় শনাক্ত করতে হবে। জেলা পুলিশ সুপারদের খুনের মামলার ঘটনাস্থল পরিদর্শন করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেন আইজিপি।

পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি মো. জহিরুল ইসমাল ভূঁইয়া সভায় জানুয়ারি-মার্চ মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি তুলে ধরেন। সভায় ব্লগার হত্যা মামলার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জানানো হয়, ১১টি ব্লগার হত্যা মামলার মধ্যে একটি মামলার বিচার হয়েছে। তিনটি মামলা বিচারাধীন। সাতটি মামলা বর্তমানে তদন্তাধীন রয়েছে।

সভায় পুলিশ টেলিকম এ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্টের অতিরিক্ত আইজি অমূল্য ভূষণ বড়ুয়া, এসবির অতিরিক্ত আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর ফাতেমা বেগম, সিআইডির অতিরিক্ত আইজি শেখ হিমায়েত হোসেন, অতিরিক্ত আইজি (প্রশাসন ও অপারেশনস্) মো. মোখলেসুর রহমান, বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল মো. নজিবুর রহমান, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, এপিবিএনের অতিরিক্ত আইজি সিদ্দিকুর রহমান, অতিরিক্ত আইজি (ফিন্যান্স এ্যান্ড ডেভলপমেন্ট) মো. আবুল কাশেম প্রমুখ এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

basic-bank

Be the first to comment on "পুলিশি কার্যক্রমে জনগণের অংশগ্রহন বাড়াতে হবে: আইজিপি"

Leave a comment

Your email address will not be published.


*