নিউজ ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটে আরেকটি হতাশার দিন আজ। নিউজিল্যান্ড সফরে থাকা ছেলেদের সাথে পাল্লা দিয়ে যেন বাজে পারফর্মেন্সের দৃষ্টান্ত স্থাপন করল মেয়েরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি হোম সিরিজে মাত্র ৬৮ রানে অলআউট হওয়ার লজ্জা পেল টাইগ্রেসরা! ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ইতিমধ্যেই ৩-১ এ হেরে বসে আছে স্বাগতিকরা। আজ শেষ ম্যাচটিতেও ভালো কিছু করতে পারল না রুমানা বাহিনী। পরাজিত হলো ৮ উইকেটের ব্যবধানে।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ৭ রানেই প্রথম দুই উইকেটের পতন। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি টাইগ্রেসরা। সর্বোচ্চ ১৩ রান করেন ওপেনার শারমীন সুলতানা। এছাড়া শারমীন আক্তার ১০, শায়লা শারমীন ০, অধিনায়ক রুমানা ৯, নিগার ১০, সালমা ৩, ফারজানা ০, লতা ০, জাহানারা ৪, পান্না ঘোষ ৮* এবং কুবরা ৭ রান করেন। ১০ রান আসে অতিরিক্ত থেকে।
মাত্র ৩৬.৩ ওভার ব্যাট করতে পেরেছিল টাইগ্রেসরা। প্রোটিয়াদের হয়ে ধ্বংসাত্মক বোলিং করেন ক্রিস্টিন (৪ উইকেট) এবং লেতসোয়ালো (৩ উইকেট)। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১০ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। তৃতীয় ওয়ানডেতে শুধু জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ।

Be the first to comment on "প্রোটিয়াদের কাছে ৬৮ রানেই অলআউট টাইগ্রেসরা!"