শিরোনাম

মরগানকে নিয়ে অন্যায় সমালোচনা হচ্ছে ॥ বাটলার

নিউজ ডেস্ক : ইংলিশ মিডিয়ার একটা বড় অংশ এউইন মরগানকে ধুয়ে দিচ্ছে। নাসের হুসেইন, মাইকেল ভন, অ্যান্ড্রু স্ট্রাউসের মতো সাবেক অধিনায়কেরাও ছুড়ছেন সমালোচনার তির। কিন্তু মরগানের অনুপস্থিতিতে নেতৃত্ব ভার কাঁধে তুলে নেওয়া জস বাটলারই পাশে দাঁড়াচ্ছেন। তিনি বলছেন, মরগানকে এভাবে প্রশ্নবিদ্ধ করা ঠিক হচ্ছে না।

বাটলারের মতে, শুধু মরগানকে দুষলে হবে না। বাকি যাঁরা বাংলাদেশে আসছেন, তাঁদেরও অনেকে যৌক্তিক কারণেই ভিত ছিল। সংশয়ে ছিল। এই বাস্তবতাও বুঝতে বলছেন বাটলার, ‘প্রত্যেকের জন্যই এটা ছিল কঠিন এক সিদ্ধান্ত। পত্রপত্রিকায় নানা কিছু পড়ে, নানা রকম তথ্য পেয়ে আপনার মধ্যে উদ্বেগ জন্মানোই স্বাভাবিক। ক্রিকেট খেলাটাই তো শেষ কথা নয়, পৃথিবীটা অনেক বড়।’
প্রত্যেকে যে যাঁর মতো করে সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানিয়েছেন বাটলার, ‘দল হিসেবে আমরা প্রত্যেকেই সবার খুব কাছের। আমরা খোলাখুলি আলোচনা করেছি। আমরা আমাদের স্বজনদের উদ্বেগের ব্যাপারে কথা বলেছি। এরপর প্রত্যেকে নিজের মতো করে সিদ্ধান্ত নিয়েছি, পরস্পরের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছি। দল হিসেবে আমরা আগেই কথা বলে নিয়েছিলাম, যে যা-ই সিদ্ধান্ত নিক, আমরা প্রত্যেকে তাতে শতভাগ সম্মান ও সমর্থন দেব।’
মিডিয়া এই ব্যাপারটি বুঝতে পারছে না বলেই মনে করছেন তিনি, ‘কিছু অন্যায় সমালোচনা হচ্ছে। ও সেই সিদ্ধান্তই নিয়েছে যেটা ওর জন্য সঠিক হবে বলে মনে করেছে। এটা হালকাভাবে নেওয়ার কিছু নেই। ও সেই সিদ্ধান্তই নিয়েছে যেটায় ও স্বস্তিবোধ করবে। সবাইকে এটি সম্মান দেখানো উচিত।’
গত বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে বাদ পড়ার পর ইংল্যান্ড দলটাকে মরগান কী করে গড়ে তুলেছেন, সেটিও স্মরণ করিয়ে দিয়েছেন বাটলার, ‘আমাদের দলটা যে ভালো খেলতে শুরু করল, প্রধান কারণ যদি নাও হয়, এর অন্যতম প্রধান কারণ তো অবশ্যই সে। দলে খেলার যে ধরনটা সে নিয়ে এসেছে, আমরা এই ধরনের ক্রিকেটই খেলে যেতে চাই। গত দেড় বছরে সে অসাধারণ কাজ করেছে। ও ফিরে এলে আমি হাসিমুখেই নেতৃত্ব ফিরিয়ে দেব।’

 

basic-bank

Be the first to comment on "মরগানকে নিয়ে অন্যায় সমালোচনা হচ্ছে ॥ বাটলার"

Leave a comment

Your email address will not be published.


*